প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ এর রচনামূলক প্রশ্নের ওপর আলোচনা করা হলো।

# রচনামূলক প্রশ্ন:
প্রশ্ন: তুমি যে খাবার খাও তা কোন কোন প্রযুক্তির ভিতর দিয়ে তোমার কাছে এসেছে তা বর্ণনা করো।
উত্তর: প্রযুক্তির উন্নতির কারণে আমাদের নানা রকম খাদ্য উত্পাদন করা সহজ হয়েছে। আমি যে ভাত খাই তা, অর্থাত্ ধান উত্পাদনে কোন কোন প্রযুক্তি ব্যবহূত হয়েছে লক্ষ করি—
i) প্রথমে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হলো।
ii) সেচ মেশিনের সাহায্যে পানি সেচ করা হলো।
iii) ড্রাম সিডারের সাহায্যে বীজ বোনা হলো।
iv) জমির আগাছা পরিষ্কার ও কীটনাশক প্রয়োগ করা হলো।
v) ধান পাকা হলে কেটে মেশিন দিয়ে ধান মাড়াই করা হলো।
vi) ধান সেদ্ধ করে, শুকিয়ে, ভাঙার মেশিন দিয়ে চাল করা হলো।
vii) চাল ফুটিয়ে রান্না করে হলো ভাত।
আমরা দেখতে পাই ভাত পেতে হলে উন্নত বীজ, ট্রাক্টর, সেচ মেশিন, ড্রাম সিডার, কীটনাশক, ধান মাড়াই মেশিন, ধান ভাঙার মেশিন ইত্যাদি কৃষি প্রযুক্তি দরকার। ঠিক তেমনি অন্যান্য খাবারও বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের ফলে আমরা পেয়ে থাকি।
প্রশ্ন: প্রযুক্তি ব্যবহার না করে আমরা বাঁচতে পারি না—ব্যাখ্যা করো।
উত্তর: প্রযুক্তির নানা ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমরা পৃথিবীর যেকোনো প্রান্তের খবর রেডিও, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে মুহূর্তেই পেয়ে থাকি। যাতায়াতের জন্য ব্যবহূত নানা ধরনের যানবাহনের সুবিধা একমাত্র প্রযুক্তির কারণে সম্ভবপর হয়েছে। চিকিত্সাক্ষেত্রে জটিল রোগ নির্ণয়ে নতুন নতুন যন্ত্রপাতির সংযোজন প্রযুক্তির একটি বিস্ময়কর অবদান। প্রযুক্তি ব্যবহার করে কৃষিজমিতে বীজ বপন থেকে শুরু করে ফসল ঘরে ওঠানো পর্যন্ত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। সর্বোপরি সারা বিশ্বকে এক হাতের মুঠোয় আনতে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই প্রযুক্তি ব্যবহার না করে আমরা বাঁচতে পারি না।
প্রশ্ন: প্রযুক্তি স্থির থাকে না, ক্রমাগত বদলে যায়—এটি উদাহরণসহ ব্যাখ্যা করো।
উত্তর: সভ্যতার অগ্রগতির সঙ্গে প্রযুক্তি বদলে যায় ও বিকশিত হয়। আগে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মানুষ গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ব্যবহার করত; বর্তমানে সেখানে বহু মানুষের চলাচলের জন্য বাস, ট্রেন, অ্যারোপ্লেন ব্যবহার করা হচ্ছে। প্রাচীনকালে মানুষ বসবাসের জন্য মাটির তৈরি ঘরবাড়ি তৈরি করলেও যুগের পরিবর্তনে চাহিদার পরিপ্রেক্ষিতে এখন বহুতল দালান নির্মাণ করে আরামদায়ক জীবনযাপন করছে। ফসল উত্পাদনের জন্য আগের দিনে মানুষ লাঙল, কোদাল, কাস্তে ইত্যাদি ব্যবহার করত। কিন্তু কৃষি প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তনের ফলে ট্রাক্টর, পাওয়ার টিলার, সেচযন্ত্র, উন্নত বীজ ব্যবহারে অধিক ফসল উত্পাদন সম্ভব হচ্ছে। আগেকার দিনে মানুষ কবুতরের সাহায্যে ও ঘোড়ায় চড়ে চিঠি এক স্থান থেকে অন্য স্থানে পাঠাত। বর্তমানে টেলিফোন, মোবাইল ফোন, ফ্যাক্স ইত্যাদি প্রযুক্তি উদ্ভাবনের ফলে মানুষের তথ্য আদান-প্রদানের যুগান্তকারী পরিবর্তন এসেছে। তাই যুগের পরিবর্তনের কালক্রমে প্রযুক্তি ক্রমাগত বদলে যেতে থাকে এবং উন্নততর হয়।
প্রশ্ন: প্রযুক্তি আমাদের জীবনকে প্রভাবিত করে—ব্যাখ্যা করো।
উত্তর: প্রযুক্তি মানবজীবনকে নানাভাবে প্রভাবিত করছে। আমরা সকালে ঘুম থেকে উঠে শৌচাগার ব্যবহার করি, গোসলে সাবান ব্যবহার করি, রান্না করা খাবার খাই, ঘড়ি দেখে স্কুলে যাই। স্কুল দূরে হলে সাইকেল বা বাস ব্যবহার করি। রাতে পড়ার টেবিলে বাতি জ্বালিয়ে পড়ি, কলম দিয়ে লিখি। জ্বর হলে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপি। চিকিত্সার জন্য ওষুধ সেবন করি। রেডিওতে খবর শুনি, এসব কাজে নানা প্রযুক্তি ব্যবহূত হচ্ছে, যা আমার জীবনযাত্রাকে প্রভাবিত করছে। আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় হলো তথ্যপ্রযুক্তি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মুহূর্তে পৃথিবীর যেকোনো প্রান্তের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, ঘটনা জানতে পারি।
আমাদের প্রয়োজন বোধ ও সমস্যা সমাধানের ইচ্ছা প্রযুক্তির উদ্ভাবনকে উত্সাহিত করছে। সেই সঙ্গে উদ্ভাবিত নানা প্রযুক্তি আমাদের জীবনধারাকে প্রভাবিত করেছে।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল