প্রাথমিক বিজ্ঞান
অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ এর ওপর আলোচনা করা হলো।
# রচনামূলক প্রশ্ন
প্রশ্ন: বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক উদাহরণ দিয়ে প্রমাণ করো।
উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তি গভীরভাবে সম্পর্কিত। নতুন নতুন জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া হলো বিজ্ঞান আর বিজ্ঞানের আবিষ্কারকে প্রয়োগ বা ব্যবহার করা হলো প্রযুক্তি। প্রাচীনকালে মানুষ আদি প্রযুক্তি আগুনের ব্যবহার জানত না। বিজ্ঞান তাদের আগুনের ব্যবহার শিখিয়েছে। আমাদের কৃষিকাজের জন্য ব্যবহূত ছুরি, দা, কাস্তে, লাঙল ইত্যাদি প্রযুক্তি তৈরির পেছনে বিজ্ঞানের অবদান রয়েছে। বিদ্যুৎ যে বিভিন্ন কাজে ব্যবহূত হয়ে থাকে তা আবিষ্কারের সময় বিজ্ঞানীদের জানা ছিল না। কিন্তু প্রযুক্তিবিদরা বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করে নানা রকম কাজে বিদ্যুৎ ব্যবহার করেছেন। বিজ্ঞানী নিউটনের উদ্ভাবিত মহাকর্ষ সূত্রের ওপর ভিত্তি করে যে রকেট বা কৃত্রিম উপগ্রহ তৈরি হলো, তা প্রযুক্তির অবদান। আর নিউটনের মহাকর্ষ সূত্রের আবিষ্কার হলো বিজ্ঞান। সুতরাং বলা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত।
প্রশ্ন: প্রযুক্তি ব্যবহারে মানবিক হওয়া উচিত কেন?
উত্তর: প্রযুক্তি ব্যবহারে আমাদের সবার যত্নশীল হতে হবে। প্রযুক্তির অন্যতম উদ্ভাবন যানবাহন থেকে নির্গত গ্যাস ও ধোঁয়া পরিবেশকে দূষিত করে। কৃষিজমিতে ব্যবহূত কীটনাশক পুকুর ও জলাশয়ে পড়ে পানি দূষিত করে। বাড়িঘর ও রাস্তাঘাট তৈরির সময় অনেক গাছপালা কাটতে হয়। ফলে গাছপালা যে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে নিত তা শোষণ হয় না। এতে বাতাসে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে উপকূলীয় অঞ্চলের নিচু জমি প্লাবিত হতে পারে। আবার বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র, পারমাণবিক বোমা ইত্যাদি প্রযুক্তির ব্যবহারে অনেক মানুষের জীবন যেতে পারে। তাই প্রযুক্তি ব্যবহারে আমাদের মানবিক হওয়া উচিত।
প্রশ্ন: বিজ্ঞানের অপব্যবহারের কয়েকটি উদাহরণ দাও।
উত্তর: বিজ্ঞানের আবিষ্কারকে কাজে লাগিয়ে প্রযুক্তি তৈরি করা হয়। আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য বিজ্ঞানের আবিষ্কারের যেমন সফল ব্যবহার আছে, তেমনি অপব্যবহারও রয়েছে। যেমন- ত্রুটিপূর্ণ গাড়ি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বায়ু দূষিত করছে। ফলে সৃষ্টি হচ্ছে শ্বাসকষ্টসহ নানা রকম অসুখ। শস্যের খেতে অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার বাতাস ও পানিকে দূষিত করছে। মাটির উর্বরাশক্তিও হ্রাস পাচ্ছে। রেডিও, টেলিভিশন ও কম্পিউটারের অপব্যবহার মানবদেহে নানা রকম সমস্যার সৃষ্টি করছে। এসব সমস্যার মধ্যে রয়েছে কানে কম শোনা, কাঁধ ও ঘাড়ে ব্যথা, চোখের পানি শুকিয়ে যাওয়া, দৃষ্টি কমে যাওয়া ইত্যাদি। আবার এয়ারকুলার, রেফ্রিজারেটর থেকে নির্গত সিএফসি নামক পদার্থ পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরকে নষ্ট করে দিচ্ছে। তা ছাড়া পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে বিভিন্ন শহর ধ্বংস হচ্ছে এবং সেই সঙ্গে অনেক মানুষের প্রাণহানি ঘটছে।