প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অধ্যায়- ৫ 
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৫ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# বর্ণনামূলক উত্তর দাও।
প্রশ্ন: তাপ কী কী ভাবে সঞ্চারিত হয়?
উত্তর: তাপ উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে প্রবাহিত হয়। তাপের এ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে বলে তাপ সঞ্চারণ। তাপ তিনভাবে সঞ্চারিত হয়ে থাকে।
যথা— ১. পরিবহন ২. পরিচলন ৩. বিকিরণ।
পরিবহন: পরিবহন পদ্ধতিতে পদার্থের অণুগুলো কোনো স্থান পরিবর্তন না করে তাপ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চারিত হয়। যেমন—একটি লোহার দণ্ডের এক প্রান্ত আগুনে ধরে অন্য প্রান্ত হাত দিয়ে ধরলে দেখা যাবে, হাতে ধরা প্রান্ত ধীরে ধীরে গরম হয়ে উঠছে। কিছুক্ষণ পর এত গরম হবে সে আর ধরে রাখা যাবে না। এ ক্ষেত্রে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চারিত হয়।

পরিচলন: পরিচলন পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ বয়ে নিয়ে যায়। যেমন—একটি কাচের পাত্রে পানি নিয়ে এর সঙ্গে কিছু রং মিশিয়ে পাত্রের তলায় তাপ প্রয়োগ করলে দেখা যাবে যে পাত্রের তলা থেকে রঙিন পানির স্রোত উপরের দিকে উঠে যায়, অন্য একটি স্রোত নিচে নেমে আসে। এর ফলে সব পানি উত্তপ্ত হয়।
বিকিরণ: বিকিরণ পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়াই অথবা মাধ্যম থাকলে তাকে উত্তপ্ত না করে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে সঞ্চারিত হয়। যেমন: সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে পৌঁছায়।

প্রশ্ন: চিত্রসহ শক্তি রূপান্তরের ব্যাখ্যা করো।
উত্তর: উপরের চিত্রে কাপড় ইস্ত্রি করার প্রক্রিয়া দেখানো হয়েছে। এ ক্ষেত্রে শক্তির রূপান্তর ঘটে। কারণ, কাপড় ইস্ত্রির সময় ইস্ত্রিকে তারের সাহায্যে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়। এর ফলে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে ধীরে ধীরে ইস্ত্রিকে গরম করে তোলে, যার দরুন সহজেই কাপড় ইস্ত্রি করা যায়। সুতরাং দেখা যাচ্ছে যে কাপড় ইস্ত্রি করার সময় বৈদ্যুতিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা