
অধ্যায়-১৩
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১৩ থেকে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা খুব মনোযোগসহকারে পড়াশোনা করবে।
সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা প্রয়োজন কেন?
উত্তর: বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব খুবই প্রয়োজন। মানুষ যেমন অন্যের সহযোগিতা ছাড়া সমাজে বসবাস করতে পারে না, তেমনি বিশ্বের রাষ্ট্রগুলোও একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারে না। বিশ্বের দেশগুলো বিভিন্ন দিক দিয়ে একটি অপরটির ওপর নির্ভরশীল। এভাবেই দেশগুলোর মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব, সম্প্রীতি এবং সহযোগিতামূলক সম্পর্ক।
দেশগুলোর মধ্যে এ ধরনের সহযোগিতামূলক সম্পর্ক বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও বিশ্বের উন্নয়নে অপরিহার্য। দেশগুলোর সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বের জনগণকে ক্ষুধা, দারিদ্র্য ইত্যাদি থেকে মুক্ত করার জন্য বিশ্বের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের কোনো বিকল্প নেই।
প্রশ্ন: সার্ক প্রতিষ্ঠার লক্ষ্য কী?
উত্তর: এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত আটটি দেশ নিয়ে সার্ক গঠিত। সার্ক ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর গঠিত হয়। সদস্য দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান। সার্ক-এর পুরো নাম ‘দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।’
সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত চেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশগুলোর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই হচ্ছে সার্ক-এর প্রধান লক্ষ্য। এ ছাড়া এটি গঠনের আরও কিছু উদ্দেশ্য হচ্ছে—
১. সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা।
২. দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা।
৩. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা।
৪. দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা।
৫. সদস্য দেশগুলোর স্বাধীনতা রক্ষা ও ভৌগোলিক অখণ্ডতার নীতি মেনে চলা।
৬. এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল