প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
অধ্যায়-৭ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৭ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।

# অল্প কথায় উত্তর দাও।
প্রশ্ন: মানবাধিকার কাকে বলে?
উত্তর: মানবাধিকার হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানুষের কিছু মৌলিক অধিকার। অনেক সময় না জানার কারণেও আমরা মানবাধিকারবিরোধী কাজ করি। মানবাধিকার লঙ্ঘনের একটি অন্যতম উদাহরণ হচ্ছে নারী ও শিশু পাচার।
প্রশ্ন: নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন কেন?
উত্তর: আমাদের দেশ থেকে প্রায়ই নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয়। সেখানে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে ব্যবহার করা হয়। এসব কাজ করতে গিয়ে অনেকে আহত হয়। কেউবা মারা যায়। তাদের পরিবারের সদস্যরাও এতে অনেক কষ্ট পায়। শিশু ও নারী পাচার মানবাধিকারবিরোধী কাজ। তাই এটি বন্ধ হওয়া প্রয়োজন। এ ধরনের কোনো ঘটনা ঘটতে দেখলে তা অবশ্যই পুলিশ এবং অন্যদের জানানো উচিত।
প্রশ্ন: মানবাধিকার রক্ষায় আমাদের কী করা উচিত?
উত্তর: মানবাধিকার লঙ্ঘন একটি ঘৃণ্য কাজ। পৃথিবীর সব মানুষের কল্যাণ ও সমান উন্নয়নের জন্য আমাদের অবশ্যই সবার অধিকারকে শ্রদ্ধা করতে হবে। আমরা যদি প্রত্যেকেই এগুলো মেনে চলার অভ্যাস করি, তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে। মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়:
১. বাড়িতে, বিদ্যালয়ে এবং প্রতিবেশীদের মধ্যে কেউ যদি মানবাধিকারবিরোধী কোনো কাজ করে তবে তাকে এ বিষয়ে সচেতন করব। ২. প্রয়োজন হলে প্রতিবাদ করব। ৩. সরকার কর্তৃক এ লক্ষ্যে করা বিভিন্ন আইন মেনে চলব।
৪. মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কাজে অংশগ্রহণ করব।
নাগরিক হিসেবে মানবাধিকার রক্ষায় এসব করা আমাদের দায়িত্ব।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা