
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মো. মুস্তাফিজুর রহমান
অধ্যায়-৮ ও ৯
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৮ থেকে কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
প্রশ্ন: রকিবের গল্পটির মূল কথা লেখো।
উত্তর: রকিবের গল্পটির মূল কথা হলো, অপরিচিত ব্যক্তির সঙ্গে কখনো কোথাও যাওয়া উচিত নয়। অপরিচিত কেউ কোনো জিনিস খেতে দিলে তা কখনো খাওয়া উচিত নয়। যদি কোনো অপরিচিত ব্যক্তি কোথাও যাওয়া বা খাওয়ার জন্য জোর করে, তবে তা আশপাশে থাকা অন্যদের জানানো উচিত। তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।
প্রশ্ন: দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় কীভাবে চলা উচিত?
উত্তর: রাস্তায় নানা কারণে দুর্ঘটনা ঘটতে পারে। অসাবধানে পথচলা দুর্ঘটনার অন্যতম কারণ। এ ছাড়া ট্রাফিক নিয়ম না মেনে রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়ানোর জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। যেমন—
১. রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাথ দিয়ে হাঁটতে হবে।
২. রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেওয়া যাবে না।
৩. ওভারব্রিজ থাকলে তা ব্যবহার করতে হবে।
৪. দুই পাশে ভালো করে দেখে নিয়ে যেখানে জেব্রা ক্রসিং আছে, সেখান দিয়ে রাস্তা পার হতে হবে।
৫. রাস্তায় চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে।
প্রশ্ন: যাদের মা-বাবা কাজ বা চাকরি করেন, তাদের নিজেদের নিরাপত্তা রক্ষায় কী করা উচিত?
উত্তর: আমাদের মধ্যে অনেকেরই মা-বাবা কাজ বা চাকরির জন্য ঘরের বাইরে থাকেন। যাদের মা-বাবা বাইরে থাকেন, তাদের বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে।
আজকাল অনেক বাড়িতে, বিশেষ করে শহরে চুরি, ডাকাতি হয়। অনেক সময় মানুষের জীবনের ওপর হুমকি আসে। এ বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে।
ঘরের দরজা ভালোভাবে আটকে রাখতে হবে। কোনো অপরিচিত লোক যদি বাসায় এসে দরজা ধাক্কা দেয়, তবে দরজা খোলা উচিত নয়। বাড়িতে একটি প্রাথমিক চিকিৎসার বাক্স রাখতে হবে। এর ফলে কারও বিপদ হলে আমরা প্রথমে ঘরেই চিকিৎসা দিতে পারব। তারপর দ্রুত অসুস্থ ব্যক্তিতে হাসপাতালে নিতে হবে।
অধ্যায়-৯
প্রশ্ন: কোন শিশুদের অটিস্টিক শিশু বলে?
উত্তর: আমাদের চারপাশে নানা রকম মানুষ আছে। তাদের প্রত্যেকের প্রতিভায় ভিন্নতা আছে, আচরণেও ভিন্নতা আছে। তবে কারও কারও আচরণ একটু বেশি অন্য রকম। এদের মধ্যে অনেকে আছে যারা অন্যের স্পর্শ সহ্য করতে পারে না, ভালোবাসা বোঝে না, কোনো কিছু প্রয়োজন হলে মুখে না বলে হাত ধরে সেই জিনিসের কাছে টানে। ওরা সব সময় চুপচাপ থাকে, অন্যদের মতো হইচই না করে একা একা থাকতে চায়। আমাদের এই বন্ধুরা অনেক সময় স্বাভাবিকভাবে কথা বলতে পারে না কারণ ওরা অনেক শব্দ মনে রাখতে পারে না। ওরা একই কাজ একটানা করতে থাকে। যেমন বারবার সুইচ অন-অফ করা বা মাথা ঘোরানো, চোখের সামনে হাতের আঙুল নাড়ানো, শরীর দোলানো ইত্যাদি। তাদের এই আচরণ ‘অটিজম’ নামের একটি বিকাশগত সমস্যার ফলে হয়। এই সমস্যা আক্রান্ত শিশুদের ‘অটিস্টিক শিশু’ বলে।
প্রশ্ন: তোমার শ্রেণির অটিস্টিক বন্ধুদের তুমি কীভাবে সহযোগিতা করতে পারো?
উত্তর: আমাদের বিদ্যালয় বা শ্রেণিতে হয়তো অটিস্টিক বন্ধু থাকতে পারে। তাদের আমরা বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি। যেমন—
১. আমরা আমাদের এই বন্ধুদের সঙ্গে এমন কোনো আচরণ করব না, যাতে তারা কষ্ট পায় বা উত্তেজিত হয়।
২. আমরা জেনে নেব আমাদের এই বন্ধু কী পছন্দ করে আর কোনটি করলে তার কষ্ট হয়। সবাই মিলে তাদের সাহায্য করব।
৩. খেয়াল রাখব তারা যেন বিরক্ত না হয়।
৪. আমরা আমাদের শ্রেণিশিক্ষককেও সহায়তা করব, যেন তিনি তাদের প্রতি বিশেষ যত্ন নিতে পারেন।
সহকারী শিক্ষক