
‘প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী শ্রেণীর সম্মানিত শিক্ষক বৃন্দ শুভেচ্ছা রইল। প্রাথমিক সমাপনীর নতুন সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের পাঠদানের জন্য শিক্ষককে অবশ্যই কিছু নিয়মকানুন মনে রাখতে হবে। জেনে নিন সেগুলো কেমন।
একসময় মনে করা হতো, শ্রেণীর সব শিক্ষার্থীই একইভাবে শেখে এবং বুঝে। তাই পুরো শ্রেণীকক্ষে একই ধরনের কাজ দেওয়া হতো। একই ধরনের কাজের মধ্য দিয়ে শ্রেণীর শিখন-শেখানো কার্যক্রম শেষ করা হতো। শিক্ষাদানকেই বেশি প্রাধান্য দেওয়া হতো। একজন শিক্ষার্থীর নিজের ইচ্ছা, বোঝা ও জানার ক্ষমতা কিংবা আগ্রহকে নয়। কিন্তু এখন সময় পাল্টে গেছে সেই সঙ্গে বিদ্যালয়গুলোর আনুষ্ঠানিক কার্যক্রমেও পরিবর্তন এসেছে।
আমরা যদি শ্রেণীকক্ষের সব শিক্ষার্থীকে কিছুক্ষণের জন্য বিবেচনায় নিয়ে আসি, তা হলে অনুধাবন করতে পারি যে একেকজন শিক্ষার্থী পৃথক পৃথকভাবে শিখছে। প্রত্যেকের বোঝা ও জানার ক্ষমতা ও চাহিদার ভিন্নতা রয়েছে। ভিন্নতা রয়েছে অনুভূতিতে, অনুভবে, বিস্ময় প্রকাশে ও চিন্তায়। কোনো বিষয়বস্তু বা কোনো একটি ঘটনার প্রতিফলন একেকজন শিক্ষার্থীর ওপর আলাদা আলাদাভাবে প্রভাব ফেলে। শিখন গ্রহণ ক্ষমতাটিও তাই একেক জনের একেক রকম।
বর্তমানে আমাদের দেশে চালু হয়েছে যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম। তাই শ্রেণীর পৃথক পৃথক শিক্ষার্থীকে একই মানে নিয়ে আসতে হবে অর্থাৎ একই যোগ্যতা অর্জন করাতে হবে। তাহলে শ্রেণীর শিখন-শেখানো কার্যক্রমে অবশ্যই পরিবর্তন আনতে হবে। প্রাধান্য দিতে হবে শিক্ষার্থীর পারগতা, ইচ্ছা ও সামর্থ্যকে এবং এর মাধ্যমেই শ্রেণীর সব শিক্ষার্থীকে একই যোগ্যতা অর্জন করাতে হবে। এর জন্য শিক্ষকের যথেষ্ট প্রস্তুতি, চিন্তাশক্তির ব্যবহার, আন্তরিকতা সর্বোপরি প্রতিটি শিক্ষার্থীর মনকে স্পর্শ করার মতো ক্ষমতা থাকতে হবে অনেক বেশি। প্রতিটি শিক্ষার্থী যে আলাদা, তা বুঝে যেসব পদ্ধতিতে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা করা যেতে পারে তা নিচে উল্লেখ করা হলো।
কাজের মালিকানা প্রদান: বিভিন্ন কাজের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন করানো এবং প্রত্যেকের শিখনদক্ষতা প্রদর্শনের সুযোগ প্রদান।
ভিন্নতা আনার মাধ্যমে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা: গতানুগতিকভাবে শিখনে কেউ কেউ স্বাচ্ছন্দ্যবোধ না-ও করতে পারে। তাদের জন্য বিশেষ বিকল্প শিখনব্যবস্থা গ্রহণ করলে তা ফলদায়ক হবে। যেমন ৮+৯ = ১৭ হয়। এই যোগ অঙ্কটি করতে গেলে কেউ কেউ মুখে মুখে বলে দিতে পারবে, কেউ কেউ আঙুলের কড়া গুণে বলতে পারবে আবার কাউকে উপকরণের মাধ্যমে বোঝাতে হবে। প্রত্যেকের জন্য এসব বিশেষ ব্যবস্থার কথা শিক্ষককে বিবেচনায় এনে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা করতে হবে।
শিখনের পরম্পরা অবলোকন: শিক্ষার্থীর পারগতা প্রদর্শনের ক্ষেত্রে দেখতে হবে পূর্ববর্তী পাঠের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না। যদি সংশ্লিষ্টতা না থাকে, তাহলে এই ফাঁকটুকু পূরণ করতে হবে। তবেই শিক্ষার্থীর জন্য পুরোপুরি শেখা হবে।
সৃজনশীল কাজে অংশগ্রহণ করানো: চিত্রাঙ্কন, সৃজনশীল খেলা, গল্প বলা, গল্প শুনতে দিয়ে প্রশ্ন করা, নেতৃত্ব প্রদান, স্বাধীনভাবে শিখতে দেওয়া এসব কাজের মাধ্যমে শিক্ষার্থীর প্রকাশভঙ্গির ভিন্নতা খুঁজে পাওয়া যাবে।
যখন কোনো শিক্ষার্থী এসব শিখনের ক্ষেত্রে নিজের বিশেষ ক্ষেত্রটি পছন্দ করবে, তখন শিক্ষককে অপরিহার্যভাবে বিবেচনা করতে হবে যে ওই পছন্দে তাদের ভেতরের অনুভূতি ও উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করছে কি না।
সহযোগিতার ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়া: শিক্ষার্থীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে উৎসাহী করা, তাদের সঠিকভাবে জানা, শিখনে শিক্ষার্থীর মনন ও মেধার সংযোগ ঘটানো, শিক্ষার্থীর কাজে উৎসাহ প্রদান এবং ধৈর্য সহকারে প্রতিটি শিক্ষার্থীকে সহযোগিতা করা।
শিক্ষার্থীর কাজের মূল্যায়ন: প্রত্যেক শিক্ষার্থীর কাজের বিবরণ, শিক্ষার্থীর চিন্তাভাবনা ও আচরণের রেকর্ড রাখা এবং এ রেকর্ড বিশ্লেষণ করা। বিশ্লেষিত রেকর্ডের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণ করানো।
বুদ্ধিবৃত্তিজাত দৃষ্টিভঙ্গি খুঁজে বের করা: শিখন-শেখানো কার্যক্রমে এমন একটি পরিবেশ তৈরি করা, যাতে শিক্ষার্থীর চিন্তার ক্ষেত্র, প্রশ্ন করার দক্ষতা, আশ্চর্য হওয়ার ক্ষমতার ক্ষেত্র তৈরি হয়। মোট কথা, শিক্ষার্থীর অনুসন্ধিৎসু মনটিকে বের করে আনা। শ্রেণীকক্ষে শিক্ষকের প্রশ্ন করার ধরনগুলো এমন হওয়া উচিত যেমন তুমি কী ভাবছ? তুমি এ বিষয়ে কী চিন্তা করছ? তুমি কেন তা ভাবছ? গল্পটি শুনে কেন আশ্চর্য হলে?—এ ধরনের প্রশ্নের মধ্য দিয়ে বোঝা যাবে শিক্ষার্থীর অনুভব, অনুভূতির ক্ষমতা কোন পর্যায়ে আছে।
শিক্ষকই একমাত্র শিখনের কেন্দ্রবিন্দু নয়: শিক্ষার্থী তার সহপাঠী, অভিভাবক, প্রতিবেশী ও পরিবেশ থেকেও শিখে। এ জন্য শিক্ষকের লক্ষ থাকবে এসবের ভেতরে কীভাবে মিথস্ক্রিয়া ঘটানো যায় বা শিখনের একটি নেটওয়ার্ক তৈরি করে দেয়া যেতে পারে।
শিখনকে প্রাধান্য দেয়া কাজকে নয়: শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের নিশ্চিত হতে হবে প্রতিটি শিখনদক্ষতার কারণ সম্পর্কে। শিক্ষার্থীদের ব্যস্ততামূলক কোনো কাজ দিয়ে নয়, বরং কাজটি কেন করতে যাচ্ছে, তা বুঝিয়ে দেওয়া। কাজটি বা কাজগুলোর মধ্যে কী শিখন হতে পারে, তা শিক্ষককে নিশ্চিত হতে হবে। অবশ্যই সব শিক্ষার্থীর জন্য একই কাজ প্রযোজ্য হবে না।
শিক্ষকের নির্দিষ্ট লক্ষ্য সামনে রাখা এবং শিক্ষার্থীদের মাঝে তার প্রতিফলন দেখা: শিখন-শেখানো কার্যক্রমের মধ্য দিয়ে চলমান পদ্ধতিতে প্রতিটি শিক্ষার্থীর আত্ম মূল্যায়নের সুযোগ রাখা এবং যথাযথ শিখন প্রতিফলিত হচ্ছে কি না, তা দেখা ও প্রয়োজনীয় ফিডব্যাক দেওয়া।
ওপরের বিষয়গুলো থেকে বোঝা যায় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ভিন্ন ভিন্ন কাজ দিতে হবে। কিন্তু লক্ষ্য থাকবে একটি যে পুরো শ্রেণীকক্ষের সব শিক্ষার্থীকে একই যোগ্যতা অর্জন করানো। এ জন্য শিক্ষককে দিতে হবে অধিক শ্রম, মেধা ও প্রস্তুতি। আমি এটা বিশ্বাস করি যে একমাত্র শিক্ষকই পারেন তাঁর শ্রেণীর কোন শিক্ষার্থী অগ্রসরমাণ এবং কোন শিক্ষার্থীদের উন্নয়নের প্রয়োজন। যদি শিক্ষকেরা আন্তরিকভাবে আগ্রহী হন, তবে এই পৃথক পৃথক শিক্ষার্থীদের একটি মানে নিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা শুধু তাঁরাই রাখেন।
সহকারী বিশেষজ্ঞ, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)