
অধ্যায়-১১ n
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায় ১১ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।
n অল্প কথায় উত্তর দা
প্রশ্ন: অল্প কথায় নারী দিবসের বর্ণনা দাও।
উত্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি সেলাইয়ের কারখানায় নারী ও পুরুষ শ্রমিক একসঙ্গে কাজ করতেন। কিন্তু দৈনিক ১২ ঘণ্টা কাজ করেও তাঁরা ন্যায্য মজুরি পেতেন না। ১৮৫৭ সালের ৮ মার্চ কারখানার নারী শ্রমিকেরা ন্যায্য মজুরি ও আট ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করেন।
এই দিনটিকে সামনে রেখে ১৯০৮ সালে নিউইয়র্ক শহরের হাজার হাজার নারী শ্রমিক শিশুশ্রম বন্ধ ও নারীর ভোটাধিকারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন। ১৯১০ সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান নারী নেতা ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। পরবর্তী সময়ে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করাসহ নানা বিষয়ে সমাজে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। সমাজের নারী-পুরুষের সমতা অর্জনে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তাবও করা হয়।
প্রশ্ন: নারী নির্যাতনের মূল কারণগুলো কী?
উত্তর: আমরা প্রতিনিয়ত নারী নির্যাতনের খবর পাই। ফলে নারীর মানবাধিকার খর্ব হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (২০১২) মতে, বাংলাদেশে প্রতি ঘণ্টায় একজন করে নারী নির্যাতনের শিকার হচ্ছেন। নারী নির্যাতনের মূল কারণ হচ্ছে—
ক. পুরুষের তুলনায় নারী বা মেয়েদের নিম্ন সামাজিক মর্যাদা
খ. শিক্ষার অভাব গ. দারিদ্র্য ঘ. অর্থনৈতিক নির্ভরশীলতা এবং ঙ. বিভিন্ন কুসংস্কার
নারী নির্যাতন মানুষ ও সমাজের জন্য ক্ষতিকর। নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিক বিভিন্ন সনদ ও নীতিমালার মূল উদ্দেশ্য।
প্রশ্ন: নারী নির্যাতনের নেতিবাচক প্রভাবগুলো কী?
উত্তর: সমাজে নারী নির্যাতনের প্রভাব অনেক ক্ষতিকর। যেমন পারিবারিকভাবে নারী নির্যাতন হলে নির্যাতিত নারীর শারীরিক ও মানসিক ক্ষতি হয়। যেসব পরিবারে মায়েরা নির্যাতনের শিকার হন, সেসব পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধা পায়। নির্যাতিত নারী সময়মতো কাজে যেতে পারেন না। এ কারণে অর্থনৈতিক ক্ষতি হয়।
পারিবারিকভাবে নারী নির্যাতনের একটি বিশেষ কারণ হচ্ছে যৌতুক, যা একটি ব্যাধির মতো সমাজে ছড়িয়ে আছে। যৌতুক দিতে হয় বলে মেয়েশিশুকে পরিবারের বোঝা মনে করা হচ্ছে। রাস্তাঘাটে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথেও মেয়েরা নানা হয়রানির শিকার হচ্ছে।
এ ধরনের নির্যাতনের নেতিবাচক প্রভাব পড়ছে সমাজের ওপরই। যদি আমরা বাড়ি, বিদ্যালয় ও সবক্ষেত্রে নারী-পুরুষের সমতা ও সমঅধিকার নিশ্চিত করার প্রতি যত্নবান হই, তবে নারী নির্যাতনও বন্ধ হবে।
প্রশ্ন: সমাজে সমঅধিকার নিশ্চিত করতে আমাদের কী করা উচিত?
উত্তর: সমঅধিকার নিশ্চিত করতে ছোটবেলা থেকেই কাউকে মেয়ে হিসেবে না দেখে সবাইকে মানুষ হিসেবে দেখতে হবে। সমাজের উন্নতির জন্য আমরা বাড়িতে মা-বাবাকে সাহায্য করব। কোনো কাজ ছেলের বা কোনো কাজ মেয়ের বলে মনে করব না। পরিবারের মা-বোন ইত্যাদি মেয়ে সদস্যদের প্রতি এবং পরিবারের বাইরে সব মেয়ের প্রতি শ্রদ্ধাশীল হব। নিজের কাজ নিজে করব। সহপাঠী ছেলে বা মেয়ে—যে-ই হোক, একসঙ্গে পড়ালেখা করব, খেলা করব। বাড়িতে, বিদ্যালয়ে বা রাস্তাঘাটে কোনো মেয়ে যাতে নির্যাতিত বা হয়রানির শিকার না হয়, তারা যেন নিরাপদে চলাফেরা করতে পারে, সে বিষয়ে আমরা সব সময় সচেতন থাকব। এভাবে ছেলেমেয়ে সবাই মিলেমিশে চলার মধ্য দিয়েই আমরা হতে পারি প্রকৃত মানুষ।
প্রশ্ন: আন্তর্জাতিক ও সরকারি নীতিমালা কীভাবে সমাজ উন্নয়নে অংশ নিচ্ছে?
উত্তর: আন্তর্জাতিক ও সরকারি বিভিন্ন নীতিমালায় ইতিবাচক পরিবর্তন আনা হয়। সবার জন্য শিক্ষা বা সর্বজনীন প্রাথমিক শিক্ষা, বিভিন্ন দারিদ্র্যবিমোচন কর্মসূচি, প্রাথমিক বিদ্যালয়ে শতকরা ৬০ ভাগ নারী শিক্ষক নিয়োগ ইত্যাদি বিভিন্ন কর্মসূচির কারণে প্রাথমিক স্তরে ছেলেমেয়ে সবাই সমানভাবে লেখাপড়া করছে। বড় হয়ে এসব শিক্ষার্থী ছেলে বা মেয়ে হিসেবে নয়, বরং মানুষ হিসেবে সমাজ উন্নয়নে অংশ নিচ্ছে।
বিদ্যালয়ে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে নয়, নারী ও পুরুষ সমাজে সর্বত্রই বিভিন্ন ভূমিকা পালন করে যাচ্ছেন। কেউ কৃষি কাজ করেন। কেউ ব্যবসা করেন। কেউ শিক্ষকতা করেন। কেউ শিল্প-কারখানায় কাজ করেন। এভাবে সবক্ষেত্রে নারী-পুরুষ সমানভাবে অবদান রাখছেন।
শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা