
অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (প্রতিটির জন্য নম্বর থাকবে ১)
৬. বয়ঃসন্ধিকাল কাকে বলে?
উত্তর: ১০ বছরের পর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত সময়কে ছেলে ও মেয়েদের বয়ঃসন্ধিকাল বলে।
৭. কোন মশার কামড়ে ম্যালেরিয়া হয়?
উত্তর: অ্যানোফিলিস স্ত্রী জাতীয় মশার কামড়ে ম্যালেরিয়া হয়।
৮. যক্ষ্মা রোগের প্রতিষেধক টিকার নাম কী?
উত্তর: যক্ষ্মা রোগের প্রতিষেধক টিকার নাম বিসিজি।
৯. সোয়াইন ফ্লু রোগের ভাইরাসটির নাম কী?
উত্তর: সোয়াইন ফ্লু রোগের ভাইরাসটির নাম এইচ ওয়ান এন ওয়ান (H1N1)।
১০. সংক্রামক রোগ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: কিছু রোগ আছে যেগুলো একজন থেকে অন্যজনে ছড়ায়। এসব রোগের জীবাণু রোগীর কফ, থুতু, হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায় বলে এগুলোকে সংক্রামক রোগ বলে। যেমন: জন্ডিস, সোয়াইন ফ্লু, হাম, পাঁচড়া ইত্যাদি।
১১. ডেঙ্গু কীভাবে ছড়ায়?
উত্তর: ডেঙ্গু জীবাণুর বাহক এডিস মশা। এটি সাধারণত কোনো ভাঙা দ্রব্যাদি, ফুলের টব, টায়ার ইত্যাদিতে জমে থাকা পানির মধ্যে বংশবৃদ্ধি করে এবং সকাল ও সন্ধ্যার আগে মানুষকে কামড়ায়। এর ফলে ডেঙ্গু মানুষের শরীরে ছড়িয়ে পড়ে।
রচনামূলক প্রশ্ন/কাঠামোবদ্ধ প্রশ্ন:
(প্রতিটির জন্য নম্বর থাকবে ৫)
প্রশ্ন: সংক্রামক রোগ কী? কীভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়—তা উল্লেখ করো।
উত্তর: যেসব রোগ একজনের দেহ থেকে অন্যজনের দেহে সহজেই বিস্তার লাভ করার মাধ্যমে কোনো এলাকায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে, সেসব রোগকে সংক্রামক রোগ বলে। যেমন: জন্ডিস, বসন্ত, হাম, পাঁচড়া ইত্যাদি।
এসব রোগের জীবাণু রোগীর কফ, থুতু, হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। আবার আক্রান্ত রোগীর সংস্পর্শে এবং খাদ্য, পানি ও বায়ুর মাধ্যমেও ছড়ায়।
সংক্রামক রোগের প্রতিরোধের উপায়: নিচে উল্লিখিত ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়—
১. মুখে রুমাল চেপে হাঁচি-কাশি দিতে হবে।
২. যেখানে-সেখানে কফ-থুতু না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
৩. নিয়মিত জামা, কাপড়, বিছানার চাদর ইত্যাদি পরিষ্কার রাখতে হবে।
৪. নিয়মিত দাঁত মাজতে হবে, নখ কাটতে হবে, হাত ধুতে হবে এবং গোসল করতে হবে।
৫. পচা-বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
৬. পানি ফুটিয়ে পান করতে হবে।
৭. সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
প্রশ্ন: বয়ঃসন্ধিকাল কী? এ সময়ে কী কী পরিবর্তন ঘটে?
উত্তর: ছেলে ও মেয়েদের ১০ বছরের পর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত কালকে বয়ঃসন্ধিকাল বলা হয়। মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরুর বয়স আট থেকে তেরো বছর বয়সের মধ্যে।
ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরুর বয়স ১০ থেকে ১৫ বছর। তবে কারও কারও ক্ষেত্রে এর চেয়ে আগে বা পরেও বয়ঃসন্ধিকাল শুরু হতে পারে।
বয়ঃসন্ধিকালে সাধারণত ছেলে ও মেয়েদের নিচের পরিবর্তনসমূহ ঘটে থাকে—
১. ছেলে ও মেয়েরা দ্রুত লম্বা হয়।
২. ছেলে ও মেয়েদের দ্রুত ওজন বৃদ্ধি পায়।
৩. ছেলেদের ক্ষেত্রে গলার স্বরের পরিবর্তন ঘটে।
৪. ছেলে ও মেয়েদের মানসিক আচরণের পরিবর্তন ঘটে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা