প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হলো।
 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:
প্রশ্ন: প্রযুক্তি বলতে কী বোঝায়?
উত্তর: জীবন ও জীবিকার বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগানো অর্থাৎ বিজ্ঞানের আবিষ্কারকে কাজে লাগানো বা ব্যবহার করাই প্রযুক্তি।
 কাঠামোবদ্ধ/রচনামূলক প্রশ্ন উত্তর:
প্রশ্ন: তুমি যে খাবার খেয়েছ তা কোন কোন প্রযুক্তির ভিতর দিয়ে তোমার কাছে এসেছে তা বর্ণনা করো।
উত্তর: প্রযুক্তির উন্নতির কারণে আমাদের নানা রকম খাদ্য উৎপাদন করা সহজতর হয়েছে। আজ আমি ভাত খেয়েছি। এই ভাত অর্থাৎ ধান উৎপাদনে কোন কোন প্রযুক্তি ব্যবহূত হয়েছে লক্ষ করি—
i) প্রথমে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হলো।
ii) সেচ মেশিনের সাহায্যে পানি সেচ করা হলো।

iii) ড্রাম সিডারের সাহায্যে বীজ বোনা হলো।
iv) ধান বড় হতে হতে আগাছা পরিষ্কার ও কীটনাশক প্রয়োগ করা হলো।
v) ধান পাকা হলে কেটে ধান মাড়াই মেশিন দিয়ে ধান মাড়াই করা হলো।
vi) ধান সেদ্ধ করে, শুকিয়ে, ধান ভাঙার মেশিন দিয়ে চাল করা হলো।
vii) চাল ফুটিয়ে রান্না করে হলো ভাত।
আমরা দেখতে পাই ভাত পেতে হলে উন্নত বীজ, ট্রাক্টর, সেচ মেশিন, ড্রাম সিডার, কীটনাশক, ধান মাড়াই মেশিন, ধান ভাঙার মেশিন ইত্যাদি কৃষি প্রযুক্তি দরকার। ঠিক তেমনি অন্যান্য খাবারও বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের ফলে আমরা পেয়ে থাকি।

প্রশ্ন: প্রযুক্তি ব্যবহার না করে আমরা বাঁচতে পারি না—ব্যাখ্যা করো।
উত্তর: প্রযুক্তির নানা ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমরা পৃথিবীর যেকোনো প্রান্তের খবর রেডিও, টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে মুহূর্তেই পেয়ে থাকি। যাতায়াতের জন্য ব্যবহূত নানা ধরনের যানবাহনের সুবিধা একমাত্র প্রযুক্তির কারণে সম্ভবপর হয়েছে। চিকিৎসাক্ষেত্রে জটিল রোগ নির্ণয়ে নতুন নতুন যন্ত্রপাতির সংযোজন প্রযুক্তির একটি বিস্ময়কর অবদান। প্রযুক্তি ব্যবহার করে কৃষিজমিতে বীজ বপন থেকে শুরু করে ফসল ঘরে ওঠানো পর্যন্ত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। সর্বোপরি সারা বিশ্বকে এক হাতের মুঠোয় আনতে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই প্রযুক্তি ব্যবহার না করে আমরা বাঁচতে পারি না।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা