
অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়া হলো।
কাঠামোবদ্ধ/রচনামূলক প্রশ্ন উত্তর:
প্রশ্ন: বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক উদাহরণ দিয়ে প্রমাণ করো।
উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তি গভীরভাবে সম্পর্কিত। নতুন নতুন জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া হলো বিজ্ঞান আর বিজ্ঞানের আবিষ্কারকে ব্যবহার করা হলো প্রযুক্তি। প্রাচীনকালে মানুষ আগুনের ব্যবহার জানত না। বিজ্ঞান তাদের আগুনের ব্যবহার শিখিয়েছে। আমাদের কৃষিকাজের জন্য ব্যবহূত ছুরি, দা, কাস্তে, লাঙল ইত্যাদি প্রযুক্তি তৈরির পেছনে বিজ্ঞানের অবদান রয়েছে। বিদ্যুৎ যে বিভিন্ন কাজে ব্যবহূত হয়ে থাকে তা আবিষ্কারের সময় বিজ্ঞানীদের জানা ছিল না। কিন্তু প্রযুক্তিবিদরা বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করে নানা রকম কাজে বিদ্যুৎ ব্যবহার করেছেন। বিজ্ঞানী নিউটনের উদ্ভাবিত মহাকর্ষ সূত্রের ওপর ভিত্তি করে যে রকেট বা কৃত্রিম উপগ্রহ তৈরি হলো, তা প্রযুক্তির অবদান। নিউটনের মহাকর্ষ সূত্রের আবিষ্কার হলো বিজ্ঞান। সুতরাং, বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত।
প্রশ্ন: প্রযুক্তি ব্যবহারে মানবিক হওয়া উচিত কেন?
উত্তর: প্রযুক্তি ব্যবহারে আমাদের সবার যত্নশীল হতে হবে। প্রযুক্তির অন্যতম উদ্ভাবন যানবাহন থেকে নির্গত গ্যাস ও ধোঁয়া পরিবেশকে দূষিত করে। কৃষিজমিতে ব্যবহূত কীটনাশক পুকুর ও জলাশয়ে পড়ে পানি দূষিত করে। বাড়িঘর ও রাস্তাঘাট তৈরির সময় অনেক গাছপালা কাটতে হয়। ফলে গাছপালা যে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে নিত তা শোষণ হয় না। এতে বাতাসে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে উপকূলীয় অঞ্চলের নিচু জমি প্লাবিত হতে পারে। আবার বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহারে অনেক মানুষের জীবন যেতে পারে। তাই প্রযুক্তি ব্যবহারে আমাদের মানবিক হওয়া উচিত।
প্রশ্ন: প্রযুক্তি আমাদের জীবনকে প্রভাবিত করে—ব্যাখ্যা করো।
উত্তর: প্রযুক্তি মানবজীবনকে নানাভাবে প্রভাবিত করছে। আমরা গোসলে সাবান ব্যবহার করি, রান্না করা খাবার খাই, ঘড়ি দেখে স্কুলে যাই। স্কুল দূরে হলে সাইকেল বা বাস ব্যবহার করি। রাতে পড়ার টেবিলে বাতি জ্বালিয়ে পড়ি, কলম দিয়ে লিখি। জ্বর হলে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপি। চিকিৎসার জন্য ওষুধ সেবন করি। রেডিওতে খবর শুনি, এসব কাজে নানা প্রযুক্তি ব্যবহূত হচ্ছে, যা আমার জীবনযাত্রাকে প্রভাবিত করছে। আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় হলো তথ্যপ্রযুক্তি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মুহূর্তে পৃথিবীর যেকোনো প্রান্তের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, ঘটনা জানতে পারি। আমাদের প্রয়োজনবোধ ও সমস্যা সমাধানের ইচ্ছা প্রযুক্তির উদ্ভাবনকে উৎসাহিত করছে। সেই সঙ্গে উদ্ভাবিত নানা প্রযুক্তি আমাদের জীবনধারাকে প্রভাবিত করেছে।
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা