
অধ্যায়-১২
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের অধ্যায়-১২ থেকে ‘অল্প কথায় উত্তর দাও’ শীর্ষক কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।
অল্প কথায় উত্তর দাও।
প্রশ্ন: গারোদের বাসস্থানের বর্ণনা দাও।
উত্তর: গারো জাতিসত্তাদের বসবাস বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, হালুয়াঘাট এলাকায়। তবে সিলেট, সুনামগঞ্জ জেলায়ও কিছুসংখ্যক গারো রয়েছে। অতীতে গারোরা বিভিন্ন পাহাড়ের পাদদেশে অথবা নদীর ধারে তাদের বাড়িগুলো নির্মাণ করত। এ বাড়িগুলো সাধারণত দুই চালাবিশিষ্ট দীর্ঘ আকারের হতো। এ ধরনের বাড়ির নাম ছিল ‘নকমান্দি’। বর্তমানে এ ধরনের বাড়িঘর দেখা যায় না। বর্তমানে তারা সমতল বাংলাদেশের স্বাভাবিক টিনের চাল বা অন্যান্য প্রচলিত বাড়ির মতোই বাড়ি তৈরি করে।
প্রশ্ন: খাসিদের সমাজব্যবস্থা সম্পর্কে লেখো।
উত্তর: বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলায় প্রধানত খাসি জনগোষ্ঠী বাস করে। খাসি সমাজ মাতৃতান্ত্রিক। মায়েদের সূত্র ধরেই তাদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে। পারিবারিক সম্পত্তির বেশির ভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। তারা খুব সহজ-সরল জীবনযাপন করে। খাসিয়া সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তবে একটি জনগোষ্ঠীর নাম ‘নার’ বা ‘প্নান’, যাদের লোকসংখ্যার বেশির ভাগই পান চাষ করে। মৌমাছি চাষও তাদের জীবিকার অংশ।
প্রশ্ন: ম্রো জাতিসত্তারা কোথায় কোথায় বসবাস করে?
উত্তর: পার্বত্য অঞ্চলের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে চতুর্থ হলো ম্রো জাতিসত্তা। ম্রোরা নিজেদের ম্রো বা অতীতে ‘মারুসা’ বললেও বাঙালিরা কখনো কখনো তাদের ‘মুরং’ও বলে থাকে। বান্দরবান জেলার রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলায় তারা বসবাস করে। বান্দরবান শহরের কাছে চিম্বুক পাহাড়ে গেলেই ম্রোদের দেখা যায়।
শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল