
অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায় ১০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।
n অল্প কথায় উত্তর দাও।
প্রশ্ন: গণতান্ত্রিক মনোভাব কাকে বলে?
উত্তর: আমরা প্রতিদিন বিভিন্ন রকম কাজ করি। এসব কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত গ্রহণের সময় বিভিন্নজন বিভিন্ন রকম মত দিতে পারে। কিন্তু বিভিন্ন মত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আবার কারও একার মত অনুযায়ী সিদ্ধান্ত নিলে তা ঠিক নাও হতে পারে। অন্যরাও সিদ্ধান্তটি গ্রহণ করতে আপত্তি করতে পারে। এর জন্য প্রয়োজন ঐকমত্য। অধিকাংশ লোকের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সে সিদ্ধান্তকে সম্মান করাকেই বলে গণতান্ত্রিক মনোভাব।
গণতান্ত্রিক মনোভাব একটি ব্যক্তিগত ও সামাজিক গুণ। সমাজের সব সদস্যের এ গুণ থাকা উচিত।
প্রশ্ন: সমাজের সদস্যদের গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া উচিত কেন?
উত্তর: আমাদের সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য সবাইকে গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া উচিত এবং এর চর্চা করা উচিত। গণতান্ত্রিক মনোভাব একটি ব্যক্তিগত এবং সামাজিক গুণ। এতে অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে, সমাজে শান্তি বিরাজ করে। গণতান্ত্রিক মনোভাবের ফলে সমাজে সবাই মিলেমিশে চলতে শেখে, যা সমাজে শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে। এ জন্য আমরা বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। এর ফলে আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
প্রশ্ন: গণতন্ত্র কীভাবে শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়তা করে?
উত্তর: গণতন্ত্রের অর্থ জনগণের শাসন। এর মূলকথা হলো সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনুসারে সিদ্ধান্ত নেওয়া। গণতন্ত্র নিম্নলিখিত উপায়ে শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়তা করে। যেমন—
১. অধিকাংশ ব্যক্তির মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় বলে সবাই এতে খুশি থাকে।
২. সমাজের সবাইকে পরমতসহিষ্ণু ও সহনশীল হতে শেখায়।
৩. সবাই মিলেমিশে চলতে শেখে, যা সমাজে শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে।
৪. গণতন্ত্র মানুষকে মত প্রকাশের সুযোগ করে দেয়।
৫. নির্বাচন-প্রক্রিয়ায় সবাইকে অংশগ্রহণের সুযোগ করে দেয়।
তাই গণতান্ত্রিক মনোভাব শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য অপরিহার্য।
প্রশ্ন: আমরা শ্রেণীকক্ষে ও বিদ্যালয়ে কীভাবে গণতন্ত্র চর্চা করি?
উত্তর: শ্রেণী ও বিদ্যালয়ের বিভিন্ন কাজে আমরা গণতান্ত্রিক আচরণ করব। অধিকাংশের মত অনুযায়ী বিভিন্ন কাজ করব। শ্রেণীর বিভিন্ন কাজ যেমন: চেয়ার, টেবিল ও বেঞ্চ গোছানো, শ্রেণীকক্ষ সাজানো, পরিষ্কার-পরিচ্ছন্ন করা ইত্যাদি সম্পর্কে সব সহপাঠীর সঙ্গে আলোচনা করব। অধিকাংশের মতামত নিয়ে কাজগুলো সম্পন্ন করব।
বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে, যেমন: সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন ইত্যাদি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে কাজ করব এবং পরস্পরকে সহায়তা করব।
প্রশ্ন: শ্রেণীনেতা নির্বাচন করতে একজন শিক্ষক কী পদ্ধতি অনুসরণ করবেন?
উত্তর: শ্রেণীনেতা নির্বাচন করতে একজন শিক্ষক প্রথমে কারা শ্রেণীনেতা হতে ইচ্ছুক, সেটা জেনে নেবেন। যদি পাঁচজন শিক্ষার্থী ইচ্ছা প্রকাশ করে, তবে তাদের নাম বোর্ডে লিখবেন। যেহেতু, মাত্র দুজনকে শ্রেণীনেতা বানানো হবে, তাই পাঁচজনের মধ্য থেকে সবার মতামতের ভিত্তিতে দুজনকে নির্বাচন করা হবে। সব শিক্ষার্থীকে দুই টুকরা করে কাগজ দিয়ে বোর্ডে লেখা নামগুলো থেকে তাদের পছন্দের দুজন শিক্ষার্থীর নাম দুটি কাগজে লিখে ভাঁজ করে একটি বাক্সে রাখতে বলবেন। এভাবে সবার মত নেওয়া সম্পন্ন হলে শিক্ষক কাগজগুলো খুলে গণনা করবেন এবং কার পক্ষে কয়জন মত দিয়েছে, তা বোর্ডে লেখা নামগুলোর পাশে লিখবেন। এভাবে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে, তাকে করা হলো প্রথম শ্রেণীনেতা আর যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে, সে নির্বাচিত হলো দ্বিতীয় শ্রেণীনেতা। সবার মতামত নিয়ে শ্রেণীনেতা নির্বাচিত হয়েছে বলে সবাই হাসিমুখে তাদের বরণ করে নেবে।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল
শিক্ষক, বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা