প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

পরামর্শ
অংশ-৩ 
প্রিয় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনার শেষ অংশ।
খ. মুসা ইব্রাহীম কীভাবে প্রমাণ করেছেন তিনি বীরের জাতি?
উত্তরটি শুরু করার আগে নিজের অর্জিত জ্ঞানের বিষয়টাকে গুরুত্ব দিতে হবে এবং এখানে উল্লিখিত অনুচ্ছেদের আলোকে তোমার নিজের পাঠ্য বইয়ের কোন গল্প বা কবিতার সঙ্গে বিষয়বস্তুর মিল আছে তা চিন্তা করতে হবে। আমরা উত্তরটি এভাবে শুরু করতে পারি—
‘তখন অন্ধকারের বুক চিরে সোনালি সূর্য উঠছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে এভারেস্টের শীর্ষে উড়িয়ে দিলেন এক তরুণ। নাম তার মুসা ইব্রাহীম। আর সেই প্রথম বাংলাদেশির এভারেস্ট বিজয়। দিনটা ছিল ২৩ মে, ২০১০ সাল। সময় ভোর ৫টা ৫৫ মিনিট। ছোটবেলা থেকেই মুসার স্বপ্ন ছিল ওই পাহাড়চূড়ায় ওঠার। একদিন যে চূড়া জয়ের অভিযান শুরু হয়েছিল এডমন্ড হিলারি আর তেনজিং নরগেকে দিয়ে, তারই শীর্ষে এখন বাংলাদেশের এক নতুন বীর মুসা ইব্রাহীম। প্রথম এভারেস্ট জয়ের ৫৭ বছর পরে বাংলাদেশের কোনো অভিযাত্রীর শীর্ষ জয়। দীর্ঘ দিনের প্রস্তুতি, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের জন্য মুসা সফলতা অর্জন করলেন। বুঝিয়ে দিলেন, বাঙালি এক সাহসী জাতি, অজানাকে সে জয় করতে পারে।’
ইংরেজি, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম বিষয়েও অনুচ্ছেদের আলোকে যোগ্যতাভিত্তিক প্রশ্ন হবে এবং নিজের অর্জিত জ্ঞানের সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে উত্তর দিয়ে অর্জন করতে হবে প্রত্যাশিত ফলাফল।
তোমাদের সম্পূর্ণ বিষয়টি আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য উত্তর প্রদানের বিষয়টির সার সংক্ষেপ উল্লেখ করছি।
# জ্ঞান স্তরের উত্তর তোমাদের মুখস্থ করে প্রদান করতে হবে। এটির উত্তর পাঠ্যপুস্তকে আছে। এটি সহজ এবং সম্পূর্ণরূপে স্মৃতিনির্ভর।
# অনুধাবন স্তরের প্রশ্নটির উত্তর তোমাদের পাঠ্যপুস্তকের বিষয়বস্তু অনুধাবন করে উত্তর করতে হবে। এ জন্য পাঠ্যপুস্তকের বিভিন্ন গল্প, ঘটনা বা বিষয়বস্তুর প্রতি মনোযোগী হতে হবে।
# প্রয়োগ স্তরের ওপর ভিত্তি করে প্রণীত প্রশ্নটির উত্তর প্রদানের জন্য প্রশ্নপত্রে প্রদত্ত অনুচ্ছেদটি খুব মনোযোগ সহকারে কমপক্ষে দুইবার করে পড়ে অনুধাবন করতে হবে। এর জন্য প্রয়োজনীয় তথ্য তোমরা পাঠ্যবইতেই পাবে। পাঠ্যবইয়ের তথ্য ও অনুধাবন অনুচ্ছেদে বর্ণিত নতুন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বিধান করে উত্তর দিতে হবে। এর জন্য পাঠ্যবই ভালোভাবে পড়তে হবে। পাঠ্যবই ভালোভাবে পড়া থাকলে বিষয়বস্তু সম্পর্কে ধারণা করা খুব সহজ হয় এবং সেটি নতুন পরিস্থিতিতে প্রয়োগ করা, সহজ হয়ে যায়।
তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যোগ্যতাভিত্তিক প্রশ্নে অনুচ্ছেদ বা নতুন পরিস্থিতির সঙ্গে পাঠ্যবইয়ের সংগতি রক্ষা করতে হবে।
প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি প্রতিটি বিষয় ভালো করে পড় এবং নিজের স্মৃতিতে ধরে রাখতে পারো, তাহলে দেখবে যোগ্যতাভিত্তিক প্রশ্ন নামে যে বিষয়টি তোমাদের মাঝে এক ধরনের ভয়ের সৃষ্টি করতে চেয়েছিল, তা আর থাকবে না।

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা