প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

প্রিয় শিক্ষার্থী, প্রতিটি বিষয়ে যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। আজ থাকছে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ওপর আলোচনা। মনে রাখবে, তোমাদের পাঠ্যবইটি ভালোভাবে বুঝে পড়লেই তোমরা সহজে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে।
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ২৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্নের মধ্যে ১ নম্বর প্রশ্নের নৈর্ব্যক্তিক অংশে ৪০টি বহুনির্বাচনী প্রশ্নের ১৫টি হবে যোগ্যতাভিত্তিক।
৪ নম্বর প্রশ্নের ক ও খ অর্থাৎ প্রথম দুটি প্রশ্ন হবে কাঠামোবদ্ধ যোগ্যতাভিত্তিক। যেমন বহুনির্বাচনী যোগ্যতাভিত্তিক প্রশ্নে যদি এমন হয়:
# তোমার বিদ্যালয়ে প্রবেশের রাস্তায় অনেক ছেঁড়া কাগজ ও আবর্জনা পড়ে রয়েছে এবং ছাত্রছাত্রীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, সে ক্ষেত্রে তুমি কী করবে?
ক. আমি একাই ওই আবর্জনা পরিষ্কার করব
খ. বড়দের সহায়তায় আবর্জনা পরিষ্কার করব
গ. বিষয়টি আমার শ্রেণী শিক্ষককে জানাব
ঘ. আমি অন্য রাস্তা দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করব
এই প্রশ্নটি মন দিয়ে পড়লে উত্তরটি খুব সহজেই তোমার মনে এসে যাবে। কারণ, একা এই আবর্জনা পরিষ্কার করা তোমার পক্ষে সম্ভব নয়, অন্য রাস্তা দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করাটাও যথার্থ নয়, শ্রেণীশিক্ষকও এই কাজে একা কিছুই করতে পারবেন না, তাহলে? নিশ্চয়ই বুদ্ধি খাটিয়ে বড়দের সহায়তায় সবাই মিলে ওই আবর্জনা পরিষ্কার করতে হবে।
এখন তো খুব সহজেই তুমি উত্তরটা পেয়ে গেলে! অর্থাৎ সঠিক উত্তরটি হবে: (খ) বড়দের সহায়তায় আবর্জনা পরিষ্কার করব।
৪ নম্বর কাঠামোবদ্ধ উত্তর প্রশ্নে ১০টির মধ্যে আটটির উত্তর লিখতে হবে। এই ১০টি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন যদি এমন থাকে—
৪. (ক) বাংলাদেশে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? মুক্তিযুদ্ধের দুটি কারণ ও তিনটি ফলাফল লেখো।
(খ) মনে করো, তোমার পার্শ্ববর্তী গ্রামটি টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে, এ অবস্থায় তোমার পাঁচটি করণীয় লেখো।
একটি প্রশ্নের নমুনা উত্তর নিচে দেওয়া হলো:

৪ নম্বর প্রশ্নের উত্তর:

(ক) বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল।
মুক্তিযুদ্ধের দুটি কারণ:
১. পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক চরম শোষণ ও নির্যাতন থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) জনগণকে মুক্ত করা।
২. ১৯৭০ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করলেও পাকিস্তানের শাসকগোষ্ঠী কর্তৃক সরকার গঠন করতে না দেওয়া।
মুক্তিযুদ্ধের তিনটি ফলাফল:
১. বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
২. এ দেশবাসী স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজের মতামত প্রকাশ করার অধিকার অর্জন করেছে।
৩. পাকিস্তানিদের শোষণ ও নির্যাতন থেকে মুক্তিলাভ করে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ার সুযোগ পেয়েছে।

প্রিয় শিক্ষার্থী, ‘খ’ নম্বর প্রশ্নের উত্তর ও টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য তোমার পাঁচটি করণীয় চমৎকারভাবে লিখতে পারো।

ঠিক একইভাবে জ্ঞান, অনুধাবন ও প্রয়োগ করার দক্ষতা যাচাই করার জন্য বিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়েও ১ নম্বর প্রশ্নের ৪০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে ১৫টি থাকবে যোগ্যতাভিত্তিক। আর কাঠামোবদ্ধ ১০টির মধ্যে আটটি উত্তর দিতে হবে, যার দুটি থাকবে যোগ্যতাভিত্তিক ও আবশ্যিক।

গণিত: ২৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্নের ১০টি থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ১০টির মধ্যে পাঁচটি প্রশ্ন হবে যোগ্যাভিত্তিক আর চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যাবলি থেকে একটি সমস্যা থাকবে যোগ্যতাভিত্তিক। —এ বিষয়ে বিস্তারিত ছাপা হবে আগামীকাল।

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল