প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

পরামর্শ
অংশ-১
প্রিয় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমরা জান যে ২০১৩ সালে অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতিটি বিষয়ে ২৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন দেওয়া হবে। তোমাদের কাছে বিষয়টি নতুন। কিন্তু যোগ্যতাভিত্তিক প্রশ্ন দেখে ভয়ের কোনো কারণই নেই। যে বিষয়টি মনে রাখা প্রয়োজন তা হলো, প্রতিটি বিষয় গভীর মনোযোগ সহকারে বুঝে পড়া এবং যা পড়েছ তা তোমাদের মনে রাখা। এবার জানবে যোগ্যতাভিত্তিক প্রশ্ন কী, তার পর্যায়সমূহ এবং তা কীভাবে উত্তর প্রদান করবে।
যোগ্যতাভিত্তিক প্রশ্ন কী?
# যে প্রশ্নের উত্তর প্রদানের সময় পাঠ্যবই পড়ে যা শিখেছ ও বুঝেছ তা বুঝে নিয়ে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সেই জ্ঞান প্রয়োগ ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন করতে পারও, তাকে যোগ্যতাভিত্তিক প্রশ্ন বলা হয়।
যোগ্যতাভিত্তিক প্রশ্নে তোমাদের জন্য একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। প্রশ্নে দেওয়া অনুচ্ছেদের আলোকে নিজের অর্জিত জ্ঞানের সঠিক প্রয়োগের মাধ্যমে প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রাথমিক স্তরে যোগ্যতাভিত্তিক প্রশ্নে ৩টি স্তর বা পর্যায় থাকে। যথা: ক. জ্ঞান স্তর, খ. অনুধাবন স্তর, গ. প্রয়োগ স্তর। অর্থাৎ তোমাদের জন্য শুধু জ্ঞান স্তর, অনুধাবন স্তর ও প্রয়োগ স্তর থাকবে যা একটু মনোযোগ সহকারে পড়ালেখা করা এবং তা অনুশীলনের মাধ্যমে নিজের আয়ত্তে নিয়ে আসা সম্ভব।
যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তরের সময় অনুচ্ছেদের বিবরণটি বুঝে নিয়ে যেন নিজের উত্তরটি লেখা হয়, সেদিকে অবশ্যই যত্নবান হতে হবে। যোগ্যতাভিত্তিক প্রশ্নের প্রথম যে প্রশ্নটি থাকে তা জ্ঞান স্তরের ওপর ভিত্তি করে প্রণীত হয়। আগে অর্জিত কোনো কিছুকে মনে করা যা পাঠ্যপুস্তকে দেওয়া আছে, তা-ই জ্ঞান। অর্থাৎ জ্ঞান স্তরের প্রশ্নের উত্তর সরাসরি তোমরা পাঠ্যপুস্তকে পড়েছ। এ প্রশ্নটির উত্তরটি তোমাদের নিজের স্মৃতি থেকে দিতে হবে। তাই অনুমান করে কোনো উত্তরকে নির্বাচন করলে তা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। নিজের পাঠ্য বিষয় সম্পর্কে জ্ঞানের সীমাবদ্ধতা থাকলে এ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। তাই পাঠ্যবই অবশ্যই খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং তা মনে রাখতে হবে। এবার নিচে এরকম একটি অনুচ্ছেদ দেওয়া হলো। আগামীকালছাপা হবে এর ওপর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা।
# এভারেস্টের চূড়া পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই পর্বতশৃঙ্গ বাংলাদেশের খুবই নিকটে অবস্থিত। কিন্তু এর চূড়া ছুঁয়ে দেখা খুবই কঠিন। কারণ, দুর্গম পথ আর প্রতিকূল আবহাওয়ার বাধা। কিন্তু সব প্রতিকূলতাকে জয় করে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে ১৯ মে, ২০১২ সালে এভারেস্টের চূড়া জয় করেন আর পূর্ণ করেন তাঁর হূদয়ের গহিনে অতি গোপনে লুকিয়ে রাখা এভারেস্ট জয়ের স্বপ্ন। ছোটবেলার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য উন্মুখ ছিলেন বলেই তিনি এই অসাধ্য সাধন করতে পেরেছেন।

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল