প্রাথমিক স্কুল চালু করবেন জাকারবার্গ-প্রিসিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান যুক্তরাষ্ট্রে একটি প্রাথমিক বিদ্যালয় চালু করবেন।
জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান যুক্তরাষ্ট্রে একটি প্রাথমিক বিদ্যালয় চালু করবেন।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী চিকিৎসক প্রিসিলা চ্যান যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে একটি প্রাথমিক বিদ্যালয় চালু করবেন। ওই বিদ্যালয়ে শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক নানা বিষয় পড়ানো হবে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার এই স্কুল খোলার ঘোষণা দেন জাকারবার্গ দম্পতি।

মার্ক জাকারবার্গ বলেন, প্রিসিলা চ্যান শিশুরোগ চিকিৎসক ও শিক্ষক হিসেবে কাজ করেন। অসুস্থ শিশুদের ক্লাসে কীভাবে সমস্যার মুখে পড়তে হয় সে বিষয়ে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। স্বাস্থ্য ও শিক্ষার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যখন শিশুরা অসুস্থ থাকে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারে না।’

জাকারবার্গ ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘শিক্ষা ও স্বাস্থ্যকে একটি প্ল্যাটফর্মে আনতে কাজ করছি। আমাদের লক্ষ্য হবে সুবিধাবঞ্চিত শিশু ও তার পরিবারকে সাহায্য করে তাদের পূর্ণ দক্ষ করে তোলা।’

স্ত্রীর প্রশংসা করে জাকারবার্গ লিখেছেন, প্রিসিলাকে একজন উদ্যোক্তা ও নেতা হিসেবে উঠে আসতে দেখাটা উৎসাহব্যঞ্জক।

এর আগেও যুক্তরাষ্ট্রের শিক্ষা খাতে বিভিন্ন সময় অর্থ সাহায্য করেছেন জাকারবার্গ দম্পতি। এ বছরের আগস্ট মাসে তাঁদের সন্তান আসছে বলে জানিয়েছিলেন মার্ক জাকারবার্গ। দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি টেনে ২০১২ সালে জাকারবার্গ ও প্রিসিলা বিয়ে করেন।


সন্তান আসার খবর জানাতে গিয়ে জাকারবার্গ বলেছিলেন, ‘আমরা সত্যিই ভাগ্যবান যে, সিলা (প্রিসিলা চ্যান) একজন চিকিত্সক ও শিক্ষাবিদ হিসেবে আর আমি ফেসবুক কমিউনিটি আর দাতব্য কাজ করে বিশ্বজুড়ে মানুষের জীবনকে ছুঁয়ে যেতে পেরেছি। এখন আমাদের লক্ষ্য হবে আমাদের মেয়ে ও পরবর্তী প্রজন্মের পৃথিবীটাকে আরও সুন্দর করে যাওয়া।’