
প্রদেশ থাকল প্রাদেশিকতাও থাকে, যেমন মাথা থাকলেই থাকে মাথাব্যথা। কেউ কেউ মনে করেন, পাকিস্তানের পূর্ব ও পশ্চিম অংশকে এক সূত্রে গাঁথবার জন্য মুসলিম লীগ ও ইসলামিক গণতন্ত্রের আদর্শই যথেষ্ট নয়, এক রাষ্ট্রভাষা ও এক আরবি হরফের প্রচলনও বাঞ্ছনীয়। ভৌগোলিক দূরত্ব ও আবহাওয়াঘটিত পার্থক্য পূর্ব ও পশ্চিমের মধ্যে মুসলিম সংহতিকে যে কোনো মুহূর্তে বিপন্ন করে তুলতে পারে। বাংলা ভাষা উর্দুর মতোই পাক-ভারত উপমহাদেশের অন্যতম প্রধান ভাষা হওয়াতে পূর্ব বাংলার স্বাতন্ত্র্যের দাবি ইতিমধ্যেই প্রবল হয়ে দেখা দিয়েছে। এই স্বাতন্ত্র্যের দাবি মেনে নিয়ে ঐক্য বিধানের চেষ্টাই একমাত্র গণতন্ত্রসম্মত পন্থা। স্বাতন্ত্র্য যেখানে সত্যি সত্যি রয়েছে সেখানে তাকে অস্বীকার করা অপরিণামদর্শিতা বই আর কি? শাসনতন্ত্র প্রণেতাদের কাছে পূর্ব-পশ্চিমের কৃষ্টিগত মিলনের সমস্যা যে সকলের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে তাতে আশ্চর্যের কিছু নেই। নিরাসক্ত দৃষ্টি নিয়ে এ সমস্যার সমাধানের চেষ্টা করা উচিত, অযথা মনোমালিন্য বাড়িয়ে দৃষ্টি ঘোলাটে করার ফল কখনো কল্যাণকর হতে পারে না।
রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর দাবি আগে, এটা অধিকাংশ বাঙালিও স্বীকার করেন। একচ্ছত্র মোঘল শাসনের ফল এই ইন্দো-ইরানীর উর্দু ভাষা, পাক-ভারতীয় উপমহাদেশের সংহত মুসলিম শাসনের ঐতিহ্যবাহী, এই ভাষার মর্যাদা সম্বন্ধে সকলেই সচেতন। বাংলা ভাষাও বাংলার সুলতানদের পৃষ্ঠপোষতায় গড়ে ওঠে, তবে এ ভাষায় সার্থক সাহিত্য রচনায় হিন্দুদের দানই বেশি, তাই বাংলা অনেকটাই সংস্কৃতঘেঁষা। বাংলার পদনিষ্পন্নের পদ্ধতি সংস্কৃতের, ফরাসির মতো নয়। তবে মুসলমানি ঐতিহ্যে খাটো হলেও প্রকাশক্ষমতায় বাংলা পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ ভাষা, তাই উদারপন্থী মুসলিম সভ্যতা ইংরেজির মতো বাংলাকেও তার উপযুক্ত স্থান দিয়ে এসেছে। আজই বা তার ব্যতিক্রম হওয়ার কারণ কী। পূর্ব বাংলার মাতৃভাষাকে পাকিস্তানের দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করলে কালক্রমে এই ভাষার প্রকাশক্ষমতা মুসলিম সংহতির প্রচারের উদ্দেশেও ব্যবহার করা যেতে পারে, তখন এর রূপান্তর ঘটতে বাধ্য। ভাষার ব্যাপারে প্রকাশক্ষমতার প্রশ্নই মুখ্য, কত লাখ লোক এ ভাষায় কথা বলে সেটা খুব বড় কথা নয়।
বাংলা ভাষাকে মুসলিম ঐতিহ্য পাকিস্তানের অঙ্গীভূত করে নিলে তাতে মুসলিম সংহতি দৃঢ়তর হবে সন্দেহ নেই।...
...আরেকটি সূত্র ধরে পূর্ব বাংলা প্রাদেশিকতার বীজ অঙ্কুরিত হয়ে উঠছে—কেন্দ্রের রাজস্ব বণ্টন পদ্ধতি নাকি যথেষ্ট গণতন্ত্রী নয়। অর্থাৎ কেন্দ্র জনসংখ্যার অনুপাতে রাজস্ব বণ্টন করে না। এ-অভিযোগ মারাত্মক। তবে কেন্দ্রের পক্ষে বলবারও অনেক কিছু রয়েছে। সবচেয়ে বড় যুক্তি হলো অধিকাংশ মোহাজের পশ্চিম পাকিস্তানের বাসিন্দা হওয়াতেই এ ব্যাপারে বৈষম্য নজরে পড়ছে। পাকিস্তান আন্দোলনের একনিষ্ঠ সমর্থক ভারতীয় মুসলমানগণের অনেকই আজ বাস্তুহারা। বাস্তুহারাদের পুনর্বসতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রাজস্বের একটা মোটা অংশ তাদের জন্য ব্যয় করতেই হবে।...
বাংলার পক্ষে একমাত্র যুক্তি হলো দেশরক্ষা ও পুনর্বসতির খাতের টাকা বাদ দিয়ে প্রদেশের জন্য বরাদ্দকৃত অর্থের অন্তত শতকরা ৫১ ভাগ বাংলাদেশের প্রাপ্য। অর্থনৈতিক দিক থেকে পূর্ববঙ্গ অনগ্রসর হওয়ায় প্রাদেশিক বরাদ্দের প্রাপ্য অংশের চেয়েও আরো বেশি কিছু পূর্ববঙ্গ অনায়াসেই দাবি করতে পারে। পূর্ববঙ্গের অবস্থা অনেকটা পূর্ব পাঞ্জাবের মতো। বাংলার শিল্পাঞ্চল বলতে যা বোঝায় তা পশ্চিমবঙ্গে। পশ্চিম পাঞ্জাবের মতো উন্নত কৃষি ব্যবস্থাও এখানে নেই, তাই পাকিস্তানে শতকরা ৫১ জনের বাসভূমি পাকিস্তানের অনুন্নত পূর্বাংশের বৈষয়িক উন্নতির প্রতি কেন্দ্রীয় সরকারের বিশেষ মনোযোগী হওয়া উচিত। বাস্তবে এর ব্যতিক্রম দেখা গেলে পূর্ববঙ্গবাসীর ক্ষুব্ধ হওয়ারই কথা। তবে এই অসন্তোষের সুযোগ নিয়ে যাতে অবাঞ্ছিত কিছু না ঘটে সে জন্য প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের সুনির্দিষ্ট সর্বজনগ্রাহ্য গণতান্ত্রিক নীতি অনুসরণ করা বিধেয়। পাকিস্তানের দুই অংশে জীবনযাত্রার মানে তারতম্য থাকে এমন অবস্থা পাকিস্তানের মঙ্গলকামী মাত্রেরই অনভিপ্রেত। কার্যত এই দুঃসহ বৈষম্য দূর হোক, ইহাই বাঞ্ছনীয়।
...কোনো সুনির্দিষ্ট নীতির ওপর ভিত্তি করে প্রদেশের দাবিকে সামনে তুলে ধরা প্রাদেশিকতা নয়। আগেই বলেছি প্রাদেশিকতা মূলত নীতিবিগর্হিত। প্রদেশ কেন্দ্রের সঙ্গে দরকষাকষি করুক এটা কারো কাম্য হতে পারে না অথচ গ্রহণযোগ্য সাধারণ নীতির অভাবে গত পাঁচ বছর ধরে ঠিক এই অবাঞ্ছিত ব্যাপারটিই ঘটে আসছে। সব ব্যাপারেই যেন ঢাক ঢাক গুড় গুড় অন্যথায় ব্যবস্থাপক পরিষদে স্বপক্ষভুক্তদের মধ্যেই খোলাখুলি দ্বন্দ্বযুদ্ধ। এর কোনোটাই শোভন নয় বলেই সকলের গ্রহণযোগ্য সাধারণ নীতির অভাব চিন্তাশীল মাত্রেই মর্মে মর্মে অনুভব করছেন।...
একদিকে বৈচিত্র্যবিবর্জিত ঐক্যবিলাসী, অন্যদিকে ঐক্যহীন স্বাতন্ত্র্যের অন্ধ পূজারী। একের আতঙ্ক পাকিস্তান বুঝি খণ্ডিত হবার পথে—অন্যের আতঙ্ক স্বাধীনতার পরিণতি কি পরাধীনতার। একের কাছে অন্য রাষ্ট্রদ্রোহী, অন্যের কাছে এক অত্যাচারী। একের কাছে অন্য অনৈসলামিক, অন্যের কাছে এক ধ্বজাধারী। এক ও অন্যের এই নিষ্ফল দ্বন্দ্ব এড়িয়ে সমন্বয় ও সামঞ্জস্যের পথ খুঁজে বার করাই হবে গঠনতন্ত্র রচয়িতাদের প্রধান সমস্যা।
দৈনিক সংবাদ, ২১ ফেব্রুয়ারি ১৯৭২, পৃ. ২-৩ থেকে পুনর্মুদ্রিত। প্রবন্ধটি প্রথমে ১৯৫২ সালের দৈনিক সংবাদ-এর ঈদ সংখ্যায় প্রকাশিত হয়।