প্রাপক কি আপনার ই-মেইল পড়েছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাতিষ্ঠানিক কাজে হোক কিংবা ব্যক্তিগত কাজে, যোগাযোগের সহজ মাধ্যম এখন ই-মেইল। কিন্তু জরুরি কাজে ই-মেইল পাঠিয়ে দেখা গেল উত্তর পাচ্ছেন না। যার কাছে পাঠিয়েছেন সে আদৌ পড়েছে কি পড়েনি, কিংবা পড়েও তার উত্তর দিচ্ছে না, তা জানার সহজ একটি উপায় আছে। মেইল ট্র্যাকার নামের ছোট্ট একটি এক্সটেনশন আপনার জিমেইলে যোগ করে নিলে ই-মেইল পড়ার সঙ্গে সঙ্গেই পাঠানো ই-মেইলের পাশে দুটি সবুজ রঙের টিক চিহ্ন দেখাবে। অর্থাৎ আপনার ই-মেইলটি পড়া হয়েছে, কখন এবং কয়বার পড়া হয়েছে তাও জানাবে।
কাজটি সহজ। আপনার জিমেইল অ্যাকাউন্টে সাইন-ইন করে নিন। এবার mailtrack.io ওয়েব ঠিকানায় গিয়ে Sign In বোতামে ক্লিক করুন। পরের পাতায় আপনার জিমেইলের অ্যাকাউন্টের সঙ্গে মেইল ট্র্যাকার যোগ করবেন কি না সেটির অনুমতি চাইবে। এখানে Accept-এ ক্লিক করুন। এবার সক্রিয় করার জন্য লগ-ইন করা জিমেইলে ঢুকুন। মেইল ট্র্যাকারের আইকন দেখালে তাতে ক্লিক করুন।
ACTIVATE MAILTRACK-এ ক্লিক করলে পরের পাতায় We’re almost done...start using MailTrack এর নিচে SIGN IN WITH GOOGLE বোতামে আবার ক্লিক করুন। সবকিছু ঠিকঠাক করলে আপনার জিমেইল অনুসন্ধানের জন্য ট্র্যাকারে যোগ হবে। এখন Compose মেইল থেকে কাউকে ই-মেইল পাঠান। সে ব্যক্তি মেইল পড়লে পাঠানো মেইলের পাশে দুটি সবুজ টিক চিহ্নের মাধ্যমে জানিয়ে দেবে আপনার ই-মেইল কখন পড়া হয়েছে। অথবা mailtrack.io সাইটে গেলে Tracked Emails এর নিচে All Email, Read Emails, Unread Emails গুলো দেখাবে। এ ছাড়া এখানে Settings-এ গিয়ে অপশনগুলো আপনার পছন্দমতো সাজিয়ে নিতে পারবেন।