প্রায় দুমাস পেছাল বেসিসের মেলা
দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সবচেয়ে বড় মেলা ‘সফটএক্সপো ২০১৩’-এর তারিখ প্রায় দুই মাস পিছিয়ে দেওয়া হলো। ৬ থেকে ৯ মার্চ ঢাকায় এ মেলা হওয়ার কথা ছিল।দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গতকাল শনিবার অংশগ্রহণকারী প্রদর্শকদের সঙ্গে মেলা কমিটির এক সভায় সফটএক্সপো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে আগামী ২ থেকে ৫ মে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা হবে। বৈঠকের পর মেলা কমিটির আহ্বায়ক রাসেল টি আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি ব্যবসাবান্ধব নয়। তাই মেলার প্রদর্শকদের সঙ্গে সভা করে মেলা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সভায় আরও উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল, পরিচালক শাহ ইমরাউল কায়ীসসহ অনেকে। —নিজস্ব প্রতিবেদক