প্রায় ১০ শতাংশে উইন্ডোজ ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডোজ ১০
উইন্ডোজ ১০

উন্মুক্ত হওয়ার পাঁচ মাসেও তেমন একটা বাজার দখল করতে পারেনি উইন্ডোজ ১০। বাজার গবেষণা প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনসের হিসেবে বাজারে এর অবস্থান মাত্র ১০ শতাংশের কাছাকাছি (৯.৯৬)। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালের ২৯ জুলাই উন্মুক্ত হওয়ার পর প্রথম চার সপ্তাহে উইন্ডোজ ১০ ইনস্টল করা হয়েছিল সাড়ে সাত কোটি পিসিতে, যা ১০ সপ্তাহ শেষে মাত্র ১১ কোটি ছাড়িয়েছে। যদিও আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মাইক্রোসফট এই সংখ্যা ১০০ কোটি ছোঁয়ায় লক্ষ্য নির্ধারণ করেছে।

গত বছরের নভেম্বরে বাজার দখলে উইন্ডোজ ১০ এর অবস্থান ছিল নয় শতাংশ, যা ডিসেম্বর মাসে এসে ০.৯৬ শতাংশ বেড়েছে। গত কয়েক মাসের তুলনায় এই হার বেশ ধীর গতির। এ অবস্থায় এর হালনাগাদ বাজার বাড়াতে মাইক্রোসফট এখন মরিয়া।

পিসি অপারেটিং সিস্টেমের বাজার দখল
পিসি অপারেটিং সিস্টেমের বাজার দখল

বর্তমানে উইন্ডোজ সফটওয়্যারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে উইন্ডোজ ৭। নেট অ্যাপ্লিকেশনসের তথ্য অনুযায়ী বর্তমানে ৫৫.৬৮ শতাংশ বাজার দখল করে রেখেছে উইন্ডোজ ৭, যা গত বছরের নভেম্বরে ছিল ৬০ শতাংশের বেশি। উইন্ডোজ ১০ এর প্রচার ও মাইক্রোসফটের চেষ্টার কারণে উইন্ডোজ ৭ এর জনপ্রিয়তা কমেছে। ২০১২ সালে জনপ্রিয় উইন্ডোজ এক্সপি সফটওয়্যারকে পেছনে ফেলে উঠে আসে উইন্ডোজ ৭। বাজার দখলের ক্ষেত্রে আগামী বছরে এর অবস্থান কিছুটা নিচে নামলেও জনপ্রিয় অপারেটিং সিস্টেম হিসেবে শীর্ষে থাকবে বলে মনে করেন বাজার বিশ্লেষকেরা।
উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণগুলোর মধ্যে উইন্ডোজ ৮ ও ৮.১ এর জনপ্রিয়তা কমেছে। এই দুটি সংস্করণ মিলে বাজারের ১৩.০৬ শতাংশ দখল করেছে। চলতি বছরে এ দুটি সংস্করণের জনপ্রিয়তা ১০ শতাংশের নিচে নেমে আসতে পারে।

এখনো উইন্ডোজ এক্সপি আর ভিসতা ব্যবহার করছে মানুষ। বর্তমানে উইন্ডোজ ভিসতার দখলে বাজারের ১.৬২ শতাংশ আর এক্সপির দখলে ১০.৯৩ শতাংশ। এ বছর শেষে এক্সপির জনপ্রিয়তা আরও কমে যেতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

সব মিলিয়ে পিসির অপারেটিং সিস্টেমের বাজারে কিছুটা দখল হারিয়েছে মাইক্রোসফট। বর্তমানে উইন্ডোজের সব সংস্করণ মিলিয়ে মাইক্রোসফটের দখলে বাজারের ৯১.৩২ শতাংশ। এর পরে ৭.০২ শতাংশ দখল রয়েছে ম্যাক ওএস এক্স ও ১.৬৬ শতাংশ লিনাক্সের।