
আমার দাদু প্রি-সেলফি যুগের মানুষ। একদিন আমাকে জিজ্ঞেস করলেন, ‘বড় হয়ে কী করবি রে?’
আমি বললাম, ‘আপনারা যা খাওয়াচ্ছেন, বড় হব কী করে?’
কথাটা শুনে দাদুর মন খারাপ হয়ে গেল। কোনো কথা না বলে, একটা ব্যাগ নিয়ে সোজা ফলের দোকানে চলে গেলেন আপেল কিনতে। মাপামাপির পর হঠাৎ দেখলেন, আপেল থেকে একটা পোকা বেরিয়ে চুপচাপ হেঁটে চলে যাচ্ছে। দাদু পোকাটাকে বললেন, ‘এই, যাচ্ছিস কোথায়? তোকেসহই মাপ দিয়ে কিনেছি কিন্তু!’
একবার পড়া না পারায় কঠিন মার খেয়ে এসে বাবাকে বিচার দিলাম। পড়া পারিনি বলে স্যার এভাবে মারবেন? আমার কান্না দেখে বাবা বললেন, ‘যা, পড়তে বস! স্কুলে পড়া পারিসনি জানলে এরপর আমিও আবার পেটাব।’
বাবাকে বিচার দিয়ে কোনো কাজ হয়নি দেখে রাগে ফুঁসতে ফুঁসতে বিচার দিলাম দাদুকে। পরদিন দাদু আমার সঙ্গে স্কুলে গেলেন। সেই স্যারকে পেয়েই বললেন, ‘স্যার, আমার নাতি পড়া না পারলে তার পাশের ছেলেটাকে আচ্ছামতো পেটাবেন, তাহলেই ও ভয় পেয়ে যাবে!’
দাদু আমাকে কতটা ভালোবাসেন, বুঝতেই পারছেন। আমার ছোট ভাইকেও পছন্দ করতেন। এখন করেন কি না, নিশ্চিত নই। কারণ, আমাকে পড়াতে গিয়ে যখন ইংরেজি বর্ণমালা বলতে বলতেন। আমি বলতাম, ‘এ, বি, সি, ডি...এম, এন, ও, পি...’
আমার ফাজিল টাইপের ছোট ভাইটাকে জিজ্ঞেস করলে বলত, ‘এ, বি, সি, ডি...এম, এন, ও...ইয়ে!’
দাদু ছোট ভাইকে বলতেন, ‘তুই কি আর বড় হবি না?’ ছোট ভাইয়ের সোজা উত্তর, ‘তোমরা যে হারে মাথার ওপর পড়াশোনার বোঝা বাড়াচ্ছ, তাতে আর ওপরের দিকে উঠতে পারব বলে মনে হচ্ছে না!’ আমি ওর মতো অমন করে মুখের ওপর কিছু বলি না। তাই আমার সঙ্গেই দাদুর জমে বেশি।
সেদিন দাদু আমাকে বললেন, ‘মাধ্যাকর্ষণ শক্তি কী জিনিস, জানিস?’
আমি প্রায়ই যেটা বলে পার পাওয়ার চেষ্টা করি, সেটাই আবার বললাম, ‘জানতাম দাদু, এইমাত্র ভুলে গেছি!’
দাদু বললেন, ‘মাধ্যাকর্ষণ শক্তি হলো এমন একটি শক্তি, যার জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না। এই শক্তি দিয়েই পৃথিবী আমাদের তার দিকে আটকে রাখে। এগুলো না পারলে জীবনে ওপরে উঠতে পারবি?’
আমি বললাম, ‘না দাদু, ওপরে উঠতে পারব না মনে হয়। মাধ্যাকর্ষণ আমাকে আটকে রাখবে না?’
দাদু বললেন, ‘তোর সব টিচারের মধ্যে ফিজিকস টিচারকে না তুই সবচেয়ে বেশি পছন্দ করিস?’
: হ্যাঁ, তা তো করিই।
: তাহলে নিশ্চয়ই ভালো ক্লাস করান তিনি?
: তা করান, কিন্তু আমি পছন্দ করি অন্য কারণে, তিনি ক্লাসে ঢুকেই আমার পড়া ধরেন এবং তারপরই ক্লাস থেকে ঘাড় ধরে বের করে দেন!
দাদু আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন, আমি নিশ্চিত তিনি ফেসবুক ব্যবহার করলে এখনি একটা স্ট্যাটাস দিতেন, ‘ফিলিং মেজাজ গরম!’
তারপরও দাদু আমাকেই বেশি পছন্দ করেন। কেননা আমি তাঁকে একটা টি-শার্ট গিফট করেছি, যার সামনে লেখা ‘কচি খোকা’!
আপনি নিশ্চয়ই ভাবছেন, এভাবে তেল মেরে আর কত দিন? উত্তরে বলতে পারি, সেদিন পর্যন্ত, যেদিন দাদু টি-শার্টের পেছনের লেখাটা না দেখেন! ভাবছেন, সেখানে কী লেখা? লেখা আছে ‘৭০ বছর আগের’!
পুনশ্চ: এ রকম লিখি বলেই হয়তো সেদিন এক ছোট ভাই বলল, ‘ভাই, আপনি কিন্তু সাহিত্যে অবদান রাখার জন্য নোবেল জিততে পারেন!’ আমি জিজ্ঞেস করলাম, ‘কীভাবে, ভাই?’ ও বলল, ‘তেমন কিছু না, শুধু একটা স্ট্যাম্প পেপারে লিখে দেবেন, আর কখনো লিখবেন না!’