প্রিডেটর ফোন, রেভো পিসি আনল এসার

মোবাইলে যাঁরা গেম খেলতে পছন্দ করেন তাঁদের কথা মাথায় রেখে নতুন একটি স্মার্টফোন বাজারে আনছে এসার। জার্মানির বার্লিনে আইএফএ ইলেকট্রনিকস শোতে প্রিডেটর ৬ নামের এই স্মার্টফোনটির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি একটি ব্লক তৈরির মতো পিসির যন্ত্রাংশ একত্র করে তৈরি করা যায় এমন ডেস্কটপ পিসিরও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এসারের প্রধান নির্বাহী জন চেন জানিয়েছেন, আগামী বছরের শুরুতে প্রিডেটর ৬ স্মার্টফোনটি বাজারে আসবে। ছয় ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ফোনটিতে থাকবে মিডিয়াটেকের তৈরি ১০ কোর বা ডেকাকোরের প্রসেসর, চার জিবি র্যাম ও ২১ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে যেকোনো গেম অনায়াসে খেলা যাবে।

এসারের প্রেসিডেন্ট এসটি লিউ জানান, গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার চালিত প্রিডেটর ৬ ফোনটি প্রথমে এশিয়ার বাজারে আনা হবে। এসার অবশ্য এ ফোনটির দাম সম্পর্কে তথ্য প্রকাশ করেনি।
এক খবরে বিবিসি জানিয়েছে, রেভো বিল্ড নামে এসারের তৈরি ডেস্কটপ পিসিটি সহজে কাস্টোমাইজ করা যাবে, কারন এই পিসিতে কোনো স্ত্রুর ব্যবহার থাকবে না। পিসির প্রতিটি অংশের ওপরে নিচে বিশেষ পিন থাকবে যাতে একটির ওপর আরেকটি অংশ বসিয়ে পিসিটি একত্রে যুক্ত করা যাবে।