
একজন নাম না জানা পথিক পারস্য দেশের রাজকন্যাকে বাঁচাতে লুকিয়ে রাজপ্রাসাদে আসে। পথিক ছিল নির্ভীক এবং রাজ্যের সব বিশ্বাসঘাতকদের হাত থেকে রাজকন্যাকে উদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ। কখনো তাকে উঠতে হয় প্রকাণ্ড দেয়াল বেয়ে, আবার কখনো যুদ্ধ করতে হয় জাদুকর শত্রুর সঙ্গে। এভাবে প্রিন্স অব পার্সিয়া গেমের শুরু। অত্যন্ত জনপ্রিয় একটি গেম। এটি একটি অ্যাকশন, অ্যাডভেঞ্চার গেম। বিভিন্ন বাধাবিপত্তি দূর করে একজন গেমারকে এগিয়ে যেতে হবে পরের লেভেলে। গেমটির প্রকাশক ও নির্মাতা ইউবিআই সফ্ট।

১৯৮৯ সালে গেমটি বাজারে আসে। তখন প্রিন্স অব পার্সিয়া গেমটি ছিল দ্বিমাত্রিক (টুডি)। পরবর্তী সময়ে ১৯৯৯ সালে গেমটির প্রথম ত্রিমাত্রিক সংস্করণ বাজারে ছাড়া হয়। এ পর্যন্ত গেমটির আটটি পর্ব বের হয়েছে। ২০০৪ সালে ‘প্রিন্স অব পার্সিয়া: ওয়ারিয়র উইথ্ইন’ গেমটি বছরের সেরা গেমের পুরস্কার পায়। গেমটির শেষ পর্বটি হলো ‘প্রিন্স অব পার্সিয়া: দ্য ফরগটেন স্যানড্স’। প্রিন্স অব পার্সিয়া গেম তৈরির পেছনে আছে এক কাহিনি।
জর্ডান ম্যাকনার হলেন এই গেম নির্মাতা। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের ছাত্র। পাশাপাশি তাঁর মধ্যে অ্যানিমেশন তৈরির ঝোঁক ছিল। তিনি খুব ভালো কার্টুন বানাতে পারতেন না। তাঁর ইচ্ছা ছিল অ্যানিমেশন ও গেমের একটি সমন্বয় ঘটানো। কারণ, তিনি দেখলেন যে বাজারে এলিয়েন ও অদ্ভুত জীবজন্তুর গেম ছাড়া আর কিছুই নেই। গেমের দুনিয়ায় পরিবর্তন আনার জন্য এরপর তিনি জাপানের একটি শহর ‘কারাটেকা’ নিয়ে গেম তৈরি করেন। তিনি কোথাও তাঁর গেমের প্রকাশক খুঁজে পাচ্ছিলেন না। পরে ইউবিআই সফট তাঁর গেম তৈরি করে দেয়। এই গেমটির ৫০ হাজার কপি বিক্রি হয়। সেই সময়ে তিনি ‘আরব্য রজনী’ গল্পের বইটি পড়েন। বইটির পারস্য দেশের গল্প তাঁকে খুব উদ্বুদ্ধ করে। পাশাপাশি নতুন গেমের জন্য জর্ডান ম্যাকনারের সঙ্গে গেমাররা যোগাযোগ করেন। এরপর তিনি এশীয় দেশ ও মরুভূমি নিয়ে গেম বানানোর পরিকল্পনা করেন। এভাবেই প্রিন্স অব পার্সিয়া গেমের উৎপত্তি। গেমটিতে তিনি তলোয়ারের বিভিন্ন কৌশল ও জাদুর ব্যবহার দেখিয়েছেন। গেমটির কাহিনি খুবই রোমাঞ্চকর। গেমটির শব্দশৈলী ও গ্রাফিকস খুবই মনোমুগ্ধকর। গেমটি কম্পিউটার, এক্সবক্স ৩৬০, প্লে স্টেশন, অ্যান্ড্রয়েড এবং আইওএসে খেলা যায়।