চেহারার সৌন্দর্য কি মানুষের পেশাগত জীবনে সাফল্য এনে দিতে পারে? মার্কিন গবেষকেরা বলছেন, আবাসনশিল্প-সংশ্লিষ্ট চাকরিতে সুদর্শন ব্যক্তির সাফল্যের সম্ভাবনা বেশি। কর্মীর বাহ্যিক অবয়বকে যেকোনো প্রতিষ্ঠানই গুরুত্ব দিয়ে থাকে।
যুক্তরাষ্ট্রের কলম্বাস স্টেট ইউনিভার্সিটি, মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপির গবেষকেরা মোট ৪০২ জন আবাসনকর্মীর সাত বছরের কাজের তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা চালান। অ্যাপ্লাইড ফিন্যানশিয়াল ইকোনমিকস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, আবাসনপ্রতিষ্ঠানে কর্মরত অত্যন্ত আকর্ষণীয় চেহারার ব্যক্তি তুলনামূলক শীর্ষ পদে পৌঁছতে সমর্থ হন। কারণ, প্রতিষ্ঠানের মুনাফা ও সাফল্য বৃদ্ধি এবং বাড়তি কমিশনপ্রাপ্তির ক্ষেত্রে তাঁরা এগিয়ে থাকেন।
শীর্ষ গবেষক ও অর্থনীতির অধ্যাপক ফ্র্যাঙ্ক মিক্সন বলেন, কর্মীর চেহারার সহজাত আকর্ষণ প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ায়। বিষয়টি অর্থনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিচ্ছে। বেশি আকর্ষণীয় কর্মীরা উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে হয়তো নিজেদের সৌন্দর্য বাড়তি যোগ্যতা হিসেবে ব্যবহার করেন। লাইভসায়েন্স।