প্রিয় গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় গুগল,

১৮তম জন্মদিনে তোমাকে অভিনন্দন—শুভ জন্মদিন! এখন তুমি প্রাপ্তবয়স্ক এক যুবা। ভোট দেওয়ার বয়স হয়েছে তোমার, ড্রাইভিং লাইসেন্স চাইতেও কেউ বাধা দেবে না।

তবে নিন্দুকের কথায় আমি খুব দুঃখ পেয়েছি। তোমার জন্মদিন নিয়ে তারা খুব ঠাট্টা করছে। জোর গলায় কেন তাদের বলছ না, আজই তোমার জন্মদিন? তা না করে রংবেরঙের এক ডুডল টাঙিয়েছ। নিজেই নিজেকে জানিয়েছ জন্মদিনের শুভেচ্ছা। তাতে ক্লিক করলে আবার লেখা দেখায়—‘গুগলের জন্মদিন কবে?’

গত বছরগুলোতে এই দিনেই তো জন্মদিন পালন করে এসেছ তুমি। ২০০৫ সালের কথা অবশ্য ভিন্ন। সে বছর জন্মদিন ছিল ২৬ সেপ্টেম্বর। এক বছর ভুল তো হতেই পারে। কিন্তু ২০০৪ সালে? সে বছর ৭ সেপ্টেম্বর জন্মদিন হিসেবে ঘোষণা দিয়েছিলে কেন? আর তার আগের বছর, ২০০৩–এ ৮ সেপ্টেম্বরে ট্রাম্পেট বাজিয়ে বললে, আজই আমার জন্মদিন!

নিন্দুকের কথায় সত্যিই আমি মর্মাহত। তারা বলছে, এত সব তারিখের কোনো মানেই নেই। তারা কেন বলছে তোমার নিজের ইতিহাসে ভিন্ন কথা লেখা আছে? তারা তো সত্যিই বলছে! প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করেছিলে ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর। এই দিনগুলো কেন জন্মদিন হিসেবে পালন করছ না?

সাজিয়ে-গুছিয়ে বিশ্বের যত তথ্য মানুষের নখদর্পণে নিয়ে আসার প্রতিজ্ঞা করেছ তুমি। প্রয়োজনে-অপ্রয়োজনে আমরাও তোমার দ্বারস্থ হয়েছি। কিন্তু নিজের জন্মদিন যদি ঠিকঠাক করে বলতে না পারো, তবে মানুষের কাজে লাগবে কীভাবে? নিন্দুকেরা অবশ্য এখনো সে প্রশ্ন তোলেনি, তবে তুলতে কতক্ষণ?

ইতি

এক অভিমানী ব্যবহারকারী