
‘ভাইয়া...ভাইয়া...প্লিজ আমাকে একটু হেলপ করবেন?’ একটা তরুণী কণ্ঠ বলে উঠল।
কলেজের সামনের বটগাছটার নিচে বসে ছিলাম...অকস্মাৎ এ রকম প্রশ্নে খানিকটা বিরক্তবোধ করলাম। মুখটা ওপরে তুললাম...দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে খাতা আর পেনসিল হাতে।
মুখে একটা গাম্ভীর্য টেনে বললাম, ‘কী ব্যাপার? কী সমস্যা তোমার বলো...এমন কোনো প্রবলেম নেই, যেটা আমি সলভ করতে পারি না...’
মেয়েটা একটু সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল। ব্যাপারটাকে পাত্তা দিলাম না।
মেয়েটা বলল, ‘ভাইয়া, একটু লোয়ার লিম্বের ফিগারটা এঁকে দিতে পারবেন?’ এখানে বলে রাখি, লোয়ার লিম্ব হচ্ছে পুরো পা।
আমি বললাম, ‘ওহ! লোয়ার লিম্ব! আরে এটা কোনো ব্যাপার হলো নাকি!’
হঠাৎ তাকিয়ে দেখি মেয়েটা কেমন রাগী রাগী চোখে তাকিয়ে আছে আমার দিকে...
ঘটনা কী! কিছু ভুল বললাম নাকি!
‘ভাইয়া, আপনি দয়া করে আমাকে এঁকে দিন।’ মেয়েটা বলে উঠল।
মেয়েটার কাছ থেকে পেনসিল নিয়ে আঁকতে বসে গেলাম।
একনাগাড়ে এঁকে চলেছি... আঁকা শেষ।
হলে আবারও তাকালাম মেয়েটার দিকে...
মেয়েটা দেখি কাঁদো কাঁদো গলায় বলছে, ‘ভাইয়া এটা কী এঁকেছেন! এটা তো ইনক্রেডিবল হাল্কের পা হয়ে গেছে...’
আমি তাকিয়ে দেখি ঘটনা সত্যি... মানুষের পা অন্তত এত মোটা হতে পারে না! কী করব বুঝতে না পেরে মাথা চুলকাতে লাগলাম।
মেয়েটা ঠাস করে খাতাটা নিয়ে চলে যেতে থাকল। হঠাৎ মনে হলো, আরে! এই মেয়ের নামই তো জানি না...
চিৎকার দিয়ে বললাম, ‘এই মেয়ে, তোমার নামটা বলে গেলে না?’
মেয়েটা শুধু বলল, ‘প্রিয়ন্তী...।’
পরের কয়েকটা মাস কেন জানি খুব এলোমেলোভাবে কাটতে লাগল। কী যেন একটা নেই নেই অনুভব করছিলাম কিন্তু ধরতে পারছিলাম না। ‘আইটেম’ দেওয়াতে অনিয়মিত হয়ে পড়ছিলাম। এখানে বলে রাখি, আইটেম হচ্ছে ছোট্ট মৌখিক পরীক্ষা।
আমার সবচেয়ে কাছের বন্ধু রুপা একদিন বলল, ‘আচ্ছা দোস্ত কী হয়েছে তোর? মাথা ব্যথা নাকি পেটব্যথা?’ বলেই হাসতে লাগল।
আমি মনে মনে বললাম, মেয়েজাতির এই একটাই সমস্যা...কথায় কথায় শুধু হাসে।
আমি বললাম, ‘হাসিস না তো।’ রুপা বলে উঠল, ‘তাহলে কাঁদি?’
উফ, মেয়েটার জ্বালায় একটু শান্তিতে মন খারাপ করেও থাকা যায় না!
আমি বললাম, ‘দোস্ত আমি তো প্রেমে পইড়া গেছি...।’
রুপা বলল, ‘হায় হায় বলিস কী! ব্যথা পাসনি?’
আমি বললাম, ধুর কার কাছে কী বলি, মেজাজটাই খারাপ হয়ে গেল।
ও এবার হাসিমুখে জানতে চাইল, ‘কার।’
আমি বললাম, ‘ওই যে একটা জুনিয়র মেয়ে আছে না...প্রিয়ন্তী না কী যেন নাম!’
ও বলল, ‘আরে নাম ওটা বললেই হয়, হিহি। ওই মেয়ে কিন্তু আমার বাসার কাছেই থাকে, ওকে আমি চিনি, খুব ভালো মেয়ে তবে...’
আমি চিৎকার দিয়ে বললাম, ‘তবে আবার কী?’
ও হেসে বলল, ‘একটু রগচটা আরকি, হিহি...তবে তোর মতো গাধার সাথে হেব্বি মানাবে, হিহি। যা, তোর সব দায়িত্ব আমার, তবু মন খারাপ করে থাকিস না প্লিজ আর একটু পড়াশোনায় মনোযোগী হোস।’ এটা বলেই ও চলে গেল।
ঘটনার সূত্রপাত অবশ্য সেখান থেকেই... রুপা কীভাবে কী করল জানি না। তবে একদিন নিজেকে বর সাজে আর প্রিয়ন্তীকে কনে সাজে দেখতে পেলাম। আজও প্রিয়ন্তীকে আমার ‘লোয়ার লিম্ব’ এঁকে দিতে হয়। আমি ওর মতো ভালো আঁকতে পারি না, তবুও আমার আঁকা ওর চাই...
আর রুপা?
ও আর কখনো আমার সামনে আসেনি। কেন আসেনি তাও জানি না...। শুধু এটুকু জানি ওর একটা স্বপ্ন ছিল, সেটা নাকি হারিয়ে গেছে একদম চিরদিনের মতো...।
কৌশিক সরকার
কলমাকান্দা, নেত্রকোনা