
ভার্সিটিতে ভর্তি হয়েছি। ক্লাস হয়েছে আট-দশটা। প্রথম থেকেই আমি বেশ মনোযোগী ছাত্র। তাই ক্লাসে টিচাররা কিছু জিজ্ঞেস করলেই চটপট উত্তর দেওয়ার চেষ্টা করি। ফলে এ কদিনে ক্লাসের বাদবাকিরা আমাকে ‘পণ্ডিত’ গোছের কিছু একটা ধরে নিয়েছে।
দ্বিতীয় দিন থেকেই খেয়াল করেছি, ক্লাসের একটা মেয়ে আমাকে ফলো করে। যেখানেই বসুক, যেখানেই দাঁড়িয়ে থাক না কেন, ঘুরেফিরে আমার দিকে তাকায়! একদিন খেয়াল করলাম, ক্লাস শেষ হওয়ার পর সে আমার পিছু পিছু আসছে। আমি পেছন ফিরতেই অন্য দিকে তাকাল! এভাবে আরও কটা দিন একই ঘটনা ঘটল! কী বলতে চায় সে আমাকে? এদিকে আমি যে তার সামনে গিয়ে কথা বলব, সে সাহস আর হয় না! মুখচোরা ভাবটা আমার ছোটবেলা থেকে।
২.
মেয়েটির জন্য খুব মায়া হচ্ছে। প্রতিদিন আমার জন্য কেন দাঁড়িয়ে থাকতে হবে তাকে? কী এমন আছে আমার মধ্যে? এদিকে দিন যাচ্ছে আর আমি মেয়েটির ওপর দুর্বল হয়ে পড়ছি। সেদিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম, ওর সঙ্গে আমি নিজে গিয়েই কথা বলব। মেয়েটি ভালো লাগার কথা বললে, আমিও বলে ফেলব—ভাবটা আমার এমনই। যদিও জানি, এসবই আমার কিশোরসুলভ চিন্তাভাবনা। আবার ভাবি, ব্যতিক্রম ঘটনাও তো ঘটতে পারে। সেটা নাহয় আমার বেলায়ই হলো!
৩.
ভার্সিটি থেকে বের হয়ে দেখলাম, প্রতিদিনের মতো আজও দাঁড়িয়ে আছে মেয়েটি। আমি সরাসরি মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালাম। বুকে এক জীবনের সব সাহস সঞ্চয় করে বললাম, ‘আপনি আমাকে কিছু বলতে চান মনে হয়...।’
মেয়েটি লাজরাঙা মুখে বলল, ‘আসলে তোমাকে কখনো একা পাওয়া হয় না। তাই আর বলাও হয় না।’
মেয়েটি শুরুতেই ‘তুমি’ বলায় আমিও ‘আপনি’ ছেড়ে ‘তুমি’তে চলে গেলাম। বললাম, ‘এখন বলো!’
: ইয়ে মানে...
: তুমি কি কোনো কারণে লজ্জা পাচ্ছ?
: না...আসলে ব্যাপারটা তেমন না।
: আচ্ছা, চলো ক্যাফেটেরিয়ায় গিয়ে বসি না হয়।
এই প্রথম কোনো মেয়ে আমাকে বিশেষ কিছু বলার জন্য সামনে দাঁড়িয়েছে, তাই মাথাটা বেশ ঠান্ডা রাখার চেষ্টা করছি। ভেতরে প্রবল রোমাঞ্চিত, কিন্তু বাইরে সেটা প্রকাশ করছি না।
মেয়েটি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, ‘আসলে...হয়েছে কী...মানে...!
: কী হয়েছে?
: সত্যি কথা বলতে কি, ক্লাসে তোমার পারফরম্যান্স দেখে চিন্তাটা মাথায় এসেছিল। আমার একটা নার্সারি পড়ুয়া মেয়ে আছে। ভালো টিচার পাচ্ছিলাম না ওকে পড়ানোর জন্য। তুমি কি আমার মেয়েটাকে পড়াবে?’
গ্রন্থনা: আবু সাঈদ