প্রেমিক দ্য হ্যাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমিক দ্য হ্যাকার, যত দোষ... ও টাকা রাখবেন কোথায়? প্রচ্ছদ: মেহেদী  হক
প্রেমিক দ্য হ্যাকার, যত দোষ... ও টাকা রাখবেন কোথায়? প্রচ্ছদ: মেহেদী হক

ঢাকার বিশিষ্ট শিল্পপতি আজগর সাহেবের দুই মেয়ে। দুজনই পরির মতো সুন্দর। এ রকম নজরকাড়া রূপ আর বাবার অঢেল সম্পত্তি—দুয়ে দুয়ে চার মিলিয়ে কেউ যেন রাজত্ব আর রাজকন্যা বগলদাবা করে নিয়ে যেতে না পারে, সে জন্য আজগর সাহেব মেয়েদের সতর্ক করে দিলেন। লাইফ ইজ নট আ বেড অব রোজেস—অর্থাৎ ‘জীবনটা বাংলা সিনেমা নয়’; সুতরাং দুই মেয়ের কেউ যদি কোনো ছেলের সঙ্গে ভুলেও প্রেম-ট্রেম করার চিন্তা করে, তাহলে ‘সেটা ভালো হবে না’ বলে হুমকি দিলেন তিনি।
তাতেও ভরসা পেলেন না। মেয়েরা কলেজে যায়, শপিংয়ে যায়! যখন-তখন দুর্ঘটনা ঘটতেই পারে। দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করতে না পেরে দুই মেয়েকেই নির্বাসনে পাঠালেন আজগর সাহেব। ঢাকার অদূরে গাজীপুরের শালবনের ভেতরে তাদের জন্য আলাদা বাড়ি করে দিলেন। বাড়ির চারপাশে তুলে দিলেন পাঁচিল। আর ফটকে পাহারার দায়িত্ব দিলেন বাছাই করা বিশ্বস্ত কিছু লোককে। আজগর সাহেব প্রতি সপ্তাহে এক দিন মেয়েদের দেখে আসতে লাগলেন। ফটকের প্রহরীদের নির্দেশ দিলেন, তাঁর অনুমতি ছাড়া যেন আর কেউ এই বাড়িতে ঢুকতে না পারে। তিনি কাজের চাপে ব্যস্ত থাকলে অন্য কাউকে পাঠাবেন; সে ক্ষেত্রে তাঁকে একটা বিশেষ কোড বলতে হবে। কোড ঠিক করা হলো ‘চিচিং ফাঁক’। এই কোড বলতে পারলে ধরে নেওয়া হবে, তিনি আজগর সাহেবের পাঠানো লোক।
নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই আকর্ষণ থাকে—এই সূত্র মেনে দুই কন্যারই বাইরের লোকদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করতে লাগল। গৃহবন্দী অবস্থায় আর যা-ই হোক, কোনো যুবকের সঙ্গে প্রেম হবে—এমন সম্ভাবনা নেই বললেই চলে। দুই কন্যা বিমর্ষ অবস্থায় যখন এ রকম ভাবছিল, তখন ফেসবুকে তাদের সঙ্গে পরিচয় হলো দুই যুবকের। অল্প কিছুদিন চ্যাট হতেই তাদের প্রেম হয়ে গেল! দুই কন্যাই তাদের বাবার সমস্যা এবং নিজেদের গৃহবন্দিত্বের কথা জানাল। সমস্যা শুনে দুই প্রেমিকই তাদের চিন্তা করতে নিষেধ করে আঁটতে লাগল বুদ্ধি।
দুই প্রেমিক গাজীপুরের সেই বাড়িতে গিয়ে উঁকি মেরে ঘটনা বোঝার চেষ্টা করল। তারা দেখল, একজন অপরিচিত লোক ফটকে গিয়ে কী একটা বিশেষ শব্দ বলতে পারলেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে! এবং ভেতরে ঢুকলেই পাচ্ছে কন্যাদের সঙ্গে কথা বলার অবারিত সুযোগ। দুই প্রেমিকেরই ছোটবেলায় ‘আলীবাবা চল্লিশ চোর’-এর গল্পটা পড়া ছিল। তারা সিদ্ধান্ত নিল, এই আলীবাবার কোড ব্যবহার করে একটা ঝুঁকি নেবে। কিন্তু কে আগে যাবে? এটা নিয়ে তর্কও লেগে গেল। তবে রাজনীতিবিদদের মতো না করে দুই প্রেমিক নিজেদের ভালোর কথা ভেবে শর্তহীন আলোচনায় বসে গেল। সিনিয়র কোটায় বড় কন্যার প্রেমিকের কপাল গেল খুলে। সে গিয়ে উপস্থিত হলো ফটকের সামনে।
অচেনা এক যুবককে দেখে স্বাভাবিকভাবেই ফটকের প্রহরীরা ভেতরে ঢুকতে দিল না। তবে সে সাহসে বুক বেঁধে বলল, ‘আমি আজগর সাহেবের নিজের লোক।’
: আপনি স্যারের লোক? কিন্তু আগে তো দেখিনি!
: আমি নতুন জয়েন করেছি। স্যার এখন হাসপাতালে, ভীষণ অসুস্থ! প্রায় মারা যায় যায় অবস্থা। বড় কন্যাকে দেখতে চেয়েছেন। তাকে নিতে এসেছি।

অাঁকা: রাজীব
অাঁকা: রাজীব

গার্ডরা চিন্তায় পড়ে গেল। যুবকের কথার সত্যতা যাচাই করার জন্য তারা তাকে সেই বিশেষ কোড বলতে বলল। যুবক ওপরওয়ালার নাম নিয়ে আলীবাবার সেই কোড ‘চিচিং ফাঁক’ উচ্চারণ করতেই প্রহরীদের মুখে হাসি। তারা যুবককে ভেতরে ঢুকতে দিল। যুবক ভেতরে গিয়ে বড় কন্যাকে বের করে নিয়ে দিল গা ঢাকা।
পরের দিন ছোট কন্যার প্রেমিকও ফটকে গিয়ে একই কায়দায় আজগর সাহেবের অসুস্থতার খবর দিল। কিন্তু বেচারার দুর্ভাগ্য, প্রহরীরা ফটকের দরজা খুলে দেওয়ার আগেই সেখানে হাজির হলেন স্বয়ং আজগর সাহেব! সব শুনে রাগে ফেটে পড়লেন তিনি। ছোট কন্যাকে রক্ষা করা গেলেও তাঁর বড় কন্যা যে দুষ্টু হ্যাকার (প্রেমিক) নিয়ে গেছে, এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। প্রহরীদের বকাবকির একপর্যায়ে আমতা–আমতা করে এক গার্ড বলল, ‘কিন্তু স্যার, আমাদের কী দোষ! এই যুগে চিচিং ফাঁক তো দুর্বল একটা কোড। যেকোনো ছোটখাটো প্রেমিকের পক্ষেও এই কোড ভেঙে ফেলা সম্ভব।’ সমস্যার মূলে কুঠারাঘাত করেছে দেখে আজগর সাহেব ‘খামোশ’ বলে গর্জে উঠলেন। প্রহরী আর কিছু বলার সুযোগ পেল না।
আজগর সাহেব বেশ দৌড়ঝাঁপ শুরু করলেন। এখানে-সেখানে চিঠি পাঠালেন, একে-ওকে ধমক লাগালেন এবং ফেসবুকের মাধ্যমে প্রেমের সুবিধা করে দিয়ে তরুণ প্রজন্মকে বিপথগামী করায় ফেসবুকের জনক মার্ক জাকারবার্গের বিরুদ্ধে মামলাও ঠুকে দিলেন। তবু তিনি এই আধুনিক যুগে এসে ‘চিচিং ফাঁক’-এর মতো দুর্বল কোড ব্যবহার করায় নিজের দোষ স্বীকার করলেন না। এবং এই দুর্ঘটনায় নিজেদের দোষ স্বীকার করে কাউকে পদত্যাগ করতেও দেখা গেল না।

পুনশ্চ: এই গল্পের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাক হওয়া টাকার কাহিনির মিল খুঁজে পেলে সম্পাদক, লেখক কেউ দায়ী থাকবে না। তারপরও দায়ী করতে চাইলে ইন্টারনেটকে দায়ী করতে পারেন। কারণ, লেখক লেখাটা সম্পাদকের কাছে পাঠিয়েছিলেন ইন্টারনেটের সাহায্যে।