প্রেসিডেন্ট আসাদের ই-মেইল অ্যাকাউন্ট ‘হ্যাকড’!
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করেছে হ্যাকার দল অ্যানোনিমাস। হ্যাকিংয়ের পর অ্যানোনিমাস প্রেসিডেন্টের পাসওয়ার্ড ফাঁস করে দিয়েছে। তিনি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতেন ১২৩৪৫ ক্রমটি। এই পাসওয়ার্ডটি দুর্বলতম পাসওয়ার্ডের একটি।সোমবার সিরিয়ার প্রেসিডেন্টের অফিশিয়াল মেইল অ্যাকাউন্ট থেকে অ্যানোনিমাসের তথ্য ফাঁসের এ খবর ইসরায়েলের একটি দৈনিকের বরাতে দিয়েছে ম্যাশএবল। গত সোমবার সিরিয়ার মিনিস্ট্রি অব প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্সের মেইল সার্ভার হ্যাক করে অ্যানোনিমাস। প্রেসিডেন্ট আসাদসহ মোট ৭৮ জন কর্মকর্তার ই-মেইল ইনবক্সের তথ্য হাতিয়ে নেয় হ্যাকার দলটি।২০১১ সালের দুর্বলতম পাসওয়ার্ড তালিকায় থাকা দ্বিতীয় পাসওয়ার্ডটি ব্যবহার করতেন সিরিয়ার প্রেসিডেন্ট। এ তথ্য দিয়েছে সাম্প্রতিক আলোচিত হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস। শুধু প্রেসিডেন্ট আসাদ নন আরও বেশ কয়েকজন কর্মকর্তার ই-মেইল অ্যাকাউন্টে পাসওয়ার্ড হিসেবে ১২৩৪৫ ক্রমটি ব্যবহূত হতো বলেই অ্যানোনিমাস তাদের তথ্যে জানিয়েছে।২০১১ সালের দুর্বল পাসওয়ার্ড তালিকার শীর্ষস্থানে ছিল ইংরেজি অক্ষরে লেখা ‘পাসওয়ার্ড’ শব্দটি। দ্বিতীয় অবস্থানে ছিল ১২৩৪৫ আর তিনে ছিল ১২৩৪৫৬৭৮ ক্রমটি।