
সামনে থাকা কম্পিউটারে মনোযোগ সবার। যেন বাইরের জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। চেষ্টা করে যাচ্ছেন ঠিক ১২টি সমস্যা সমাধানের। কম্পিউটার প্রোগ্রামিংয়ের এই সমস্যাগুলো সমাধান করতে হবে পাঁচ ঘণ্টার মধ্যেই। শুধু সমাধান করলেই চলবে না, করতে হবে সবার আগে। এই দৃশ্য শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং আয়োজন জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনসিপিসি) ২০১৬-এর। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে ১১ মার্চ শুরু হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি আয়োজনে সহযোগিতা করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। প্রতিযোগিতা শেষে ১২ মার্চ শনিবার বিকেলে ফলাফল প্রদান করা হয়। তাতে ১১টি সমস্যা সমাধান করে চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল ‘জেইউ ও-এন-কিউব’। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল এনএসইউ বাগ লাভার্স এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল বুয়েট রায়ো।

জেইউ ও-এন-কিউব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী মিলে গত বছরে গঠন করেছিল দলটি। লক্ষ্য কম্পিউটার প্রোগ্রামিং সমস্যার সমাধান করা। তাই বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রাইহাত জামান খুঁজে নিয়েছিলেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের মো. নাফিস সাদিক ও নিলয় দত্তকে। দল গড়ে স্বপ্ন পূরণে এই ত্রয়ী আটঘাট বেঁধে নেমে পড়ে। শুরুতেই সাফল্য। গত বছর এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং (এসিএম আইসিপিসি) প্রতিযোগিতার ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয় তারা। এরপর আত্মবিশ্বাস বেড়ে যায় বলেই জানালেন রাইহাত জামান। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এনসিপিসি ২০১৬-এ চ্যাম্পিয়ন হয় তাঁদের দল জেইউ ও-এন-কিউব। পুরস্কার জয়ের পর রাইহাত জামান বলেছিলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছি। তা পূরণ হওয়ায় দায়িত্ব আরও বেড়েছে।’ ভবিষ্যতে দেশেই কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কাজ করতে চায় জেইউ ও-এন-কিউব।

এনএসইউ বাগ লাভার্স
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহমেদ ফাইয়াজ, মো. সামিউল ইসলাম ও হাসিব আল মোহাইমেনের দল ‘এনএসইউ বাগ লাভার্স’ রানার্সআপ হয়েছে। তিনজনই পড়ছেন বিশ্ববিদ্যালয়টির তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগে। দলের সদস্য আহমেদ ফাইয়াজ জানালেন এসিএম আইসিপিসির আন্তর্জাতিক রাউন্ডে যোগ দেওয়ার উদ্দেশ্যে তাঁরা দল গঠন করেছিলেন। গত বছর প্রতিযোগিতাটির ঢাকা পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে ২০১৬ সালের মে মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক পর্বে যোগ দেবে এনএসইউ বাগ লাভার্স। তাই প্রস্তুতির অংশ হিসেবে এনসিপিসিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এসে রানার্সআপ হওয়ায় কিছুটা মন খারাপ হয়েছে বলে জানান আহমেদ ফাইয়াজ। এনএসইউ বাগ লাভার্স দলের সদস্যরা দেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নে অবদান রাখতে চান বলে জানিয়েছেন এই প্রতিযোগী।
বুয়েট রায়ো
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল বুয়েট রায়ো তৃতীয় স্থান অর্জন করেছে এ প্রতিযোগিতায়। দলের সদস্যরা হলেন কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষার্থী এম এম হারুন-উর-রশিদ, নাজমুর রশিদ নুর ও তন্ময় মল্লিক।
সেরা দশ
১. জেইউ ও-এন-কিউব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
২. এনএসইউ বাগ লাভার্স, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
৩. বুয়েট রায়ো, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
৪. ডিইউ ফ্রক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৫. বুয়েট ফিক্সআইটিফেলিক্স, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
৬. জেইউ-স্লিপিহেডস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
৭. বুয়েট আর২-ডি২, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
৮. বুয়েট ইনসমনিয়াক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
৯. সাস্ট কিং আবদুল্লাহ আল মারুফ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১০. জেইউ প্রাইম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।