প্রোগ্রামিং ভয়ের নয়, আনন্দের

‘এখন মনে হচ্ছে, চেষ্টা করলে আমিও একদিন প্রোগ্রামার হতে পারব।’ এমনটাই মনে হয়েছে তেজগাঁও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ইভার। তার মতো অনেকেই ‘আওয়ার অব কোড’ নামের এক ঘণ্টার কম্পিউটার প্রোগ্রামিং শেখার আয়োজনে অংশ নিয়ে এখন এমনটি মনে করছে। এখন আর প্রোগ্রামিংকে ভয় নয়, বরং বিষয়টা যে আনন্দের, সেটিও জানিয়ে দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী নাবিলা আহসান। আবার বিদ্যালয়ের পাঠ্যসূচিতে যাতে কম্পিউটার প্রোগ্রামিং যোগ করা হয়, সে দাবি জানাল লেকহেড গ্রামার স্কুলের শিক্ষার্থী নাজমুল করিম। সারা বিশ্বের মতো বাংলাদেশেও কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহের অংশ হিসেবে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য পালন করা হচ্ছে ‘আওয়ার অব কোড’ কর্মসূচি। বৃহস্পতিবার ও বুধবার ঢাকা ও চট্টগ্রামের চারটি স্থানে হয়েছে এ আয়োজন।
এ দুই দিন চট্টগ্রামের হাজী মুহাম্মদ মুহসীন কলেজ, ঢাকার লেকহেড গ্রামার স্কুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এবং মাসিক ‘কিশোর আলো’ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিংয়ের মূল পর্বগুলো পরিচালনা করেন দ্বিমিক কম্পিউটিং স্কুলের প্রধান নির্বাহী তাহমিদ রাফি, স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থী ফারদীম মুনির, চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমরান হারুন, চট্টগ্রাম ওপেন সোর্স নেটওয়ার্কের আরাফাতের রহমান ও রাজীব হাসান। এসব আয়োজনে উপস্থিত ছিলেন লেকহেড গ্রামার স্কুলের অধ্যক্ষ নিলুফার ইয়াসমীন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ রাহিমা মির্জা, চট্টগ্রাম মহসিন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর চৌধুরীসহ অনেকে।
এ আয়োজনে অংশগ্রহণকারীরা কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে নিজেরাই বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও দ্বিমিক কম্পিউটিং স্কুলের উদ্যোগে ঢাকা ও চট্টগ্রামে আওয়ার অব কোড উদ্যাপিত হচ্ছে। পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও মাসিক কিশোর আলো। আগামীকাল শনিবার বেলা ১১টা ঢাকার শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ এবং বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রে পরবর্তী আয়োজন অনুষ্ঠিত হবে। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে যে কেউ অংশ নিতে পারবে।