‘প্রো’ সিরিজের দুটি ল্যাপটপের ঘোষণা দিল অ্যাপল, সঙ্গে নতুন এয়ারপডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রো সিরিজের নতুন দুটি ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দিল অ্যাপল
অ্যাপল

নতুন সংস্করণের এয়ারপডস এবং দুটি মডেলের ম্যাকবুক প্রো ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দিল অ্যাপল। গতকাল সোমবার রাতে অনলাইনে সম্প্রচারিত অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক পণ্যগুলো দেখান। এই প্রথম ইনটেলের প্রসেসর ছাড়া উচ্চ কনফিগারেশনের ল্যাপটপের ঘোষণা দিল মার্কিন প্রতিষ্ঠানটি। ল্যাপটপ দুটি চলবে অ্যাপলের নিজস্ব নকশায় তৈরি এম১ প্রো এবং এম১ ম্যাক্স প্রসেসরে।

নতুন দুটি ম্যাকবুক প্রো

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের পর এই প্রথম অ্যাপলের প্রথম সারির ল্যাপটপে বড় পরিবর্তন এল। ২০১৬ সালে ম্যাকবুক প্রো সিরিজে মূল পর্দার নিচে ওলেড ‘টাচ বার’ স্ক্রিন যুক্ত করেছিল অ্যাপল। তবে তেমন জনপ্রিয়তা না পাওয়ায় এবার সেটি বাদ দেওয়া হয়েছে।

ডিসপ্লেও এখন আগের চেয়ে বড়। একটিতে ১৪ দশমিক ২ ইঞ্চি, অপরটিতে ১৬ দশমিক ২ ইঞ্চির ডিসপ্লে থাকছে। বেজেল পাতাল করায় আইফোনের মতো ল্যাপটপের পর্দার ওপরের দিকে নচের জায়গা রেখে সেখানে ওয়েবক্যাম যুক্ত করা হয়েছে। দুটি ল্যাপটপের পর্দাই মিনিলেড এবং ১২০ হার্টজের প্রোমোশন প্রযুক্তির।

নতুন ম্যাকবুক প্রোতে পুরোনো অনেক পোর্ট ফিরিয়ে আনা হয়েছে। তিনটি থান্ডারবোল্ট পোর্ট, এইচডিএমআই, এসডি কার্ড স্লট এবং ম্যাগসেফ ৩ ম্যাগনেটিক চার্জিং সিস্টেম থাকছে। কাঠামোটি শতভাগ পুনর্ব্যবহারযোগ্য অ্যালুমিনিয়ামে বানানো।

নতুন একজোড়া এয়ারপডসের ঘোষণাও এসেছে
অ্যাপল

ভেতরে রয়েছে এম১ প্রো এবং এম১ ম্যাক্স প্রসেসর। এর আগে ম্যাকবুক এয়ারে অ্যাপলের নিজস্ব নকশায় তৈরি এম১ প্রসেসর ব্যবহার করা হলেও ‘প্রো’ সিরিজে এই প্রথম। অ্যাপলের ভাষ্যমতে, নতুন প্রসেসরের ১০ কোর যা আগের তুলনায় ৭০ শতাংশ বেশি গতির, আর সংস্করণভেদে ১৬ অথবা ৩২ কোরের গ্রাফিকস প্রসেসর থাকবে। প্রসেসরগুলো ৬৪ গিগাবাইট পর্যন্ত র‍্যাম সমর্থন করে। বেড়েছে ব্যাটারির ‘আয়ু’। অ্যাপল বলছে, ল্যাপটপগুলোতে ব্যাটারিতে টানা ২১ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা যাবে।

১৪ ইঞ্চি ম্যাকবুক প্রোর দাম শুরু হয়েছে ১ হাজার ৯৯৯ ডলার থেকে। আর তুলনামূলক বড় ল্যাপটপটি পাওয়া যাবে ২ হাজার ৪৯৯ ডলার থেকে। বাজারে আসবে ২৬ অক্টোবর।

কম্পিউটারের জন্য অ্যাপলের অপারেটিং সিস্টেম ‘ম্যাকওএস মনটেরে’র ঘোষণা দেওয়া হয় গত জুনে প্রতিষ্ঠানটির সফটওয়্যার ডেভেলপারদের সম্মেলনে। অপারেটিং সিস্টেমটি আসছে ২৫ অক্টোবর।

নকশায় এয়ারপডস প্রোর সঙ্গে মিল আছে
অ্যাপল

তৃতীয় সংস্করণের এয়ারপডস

তুলনামূলক বেশি দামের এয়ারপডস প্রোর সঙ্গে নকশায় মিল আছে নতুন এয়ারপডসের। তবে সিলিকনের ইয়ারবাড টিপ থাকছে না এতে। নেই নয়েজ ক্যানসেলিং সুবিধাও। তবে শব্দের মান বাড়াতে স্পিকার উন্নত করা হয়েছে। এখন ব্যাটারিতে টানা ছয় ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক সুবিধা পাওয়া যাবে। তা ছাড়া, চার্জিং কেসের নকশায় পরিবর্তন এসেছে। ম্যাগসেফ প্রযুক্তির মাধ্যমে তারহীন চার্জারে চার্জ করা যাবে সেটি।

তৃতীয় প্রজন্মের এয়ারপডস ২৬ অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে, দাম পড়বে ১৭৯ ডলার।