‘জয়ের মুহূর্তটি অসাধারণ! একেকটি জয় মানে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।’ বলছিলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং চুয়েটের এ বছরের সেরা প্রোগ্রামিং দল চুয়েট আইকনের সদস্য আক্কাস উদ্দীন হক। দলের অপর সদস্যরা হলেন: মো. রাজিব হোসাইন, আনিসুজ্জামান ও মেহেদী। কোনো প্রতিযোগিতায় আনিসুজ্জামান, আবার কোনোটায় অংশ নেন মেহেদী। ২১ মে চুয়েটে অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এ দলটি। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে চুয়েট এসওএস এবং চুয়েট অপ্রকৃতিস্থ দল।গত বছরের নভেম্বরে এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) ঢাকা পর্বেএ দলটি ১১তম স্থান অর্জন করে।১৭ মে আইআইইউসির কুমিরা ক্যাম্পাসে অনুষ্ঠিত অষ্টম চট্টগ্রাম বিভাগীয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও চ্যাম্পিয়ন হয় চুয়েটের আইকন দলটি। আর এ জয়ের মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগে অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় টানা ছয়বার চাম্পিয়ন হওয়ার গৌরব পেল চুয়েট। চুয়েট আইকন দলের দলনেতা মো. রাজিব হোসাইন বলেন, ‘২০০৬ সালে প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের বড় ভাইদের সহযোগিতা, নিয়মিত প্রশিক্ষণ এবং অনলাইনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের সাফল্যের অন্যতম কারণ।’ —শাহাদৎ হোসেন