প্রোগ্রামিং নিয়ে রাজধানীতে আনন্দ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা
কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা

কম্পিউটার হ্যাক হলে কী করতে হয়? কীভাবে সহজে প্রোগ্রামিং শেখা যায়? প্রোগ্রামিংয়ের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি কী? গ্রামের শিক্ষার্থীদের কীভাবে প্রোগ্রামিংয়ের সঙ্গে যুক্ত করা যায়? সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ আয়োজিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার ঢাকা মহানগর আঞ্চলিক পর্বে এমন নানা প্রশ্ন করেন শিক্ষার্থীরা, উত্তর দিয়েছেন মঞ্চে উপস্থিত শিক্ষকেরা। ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনী পর্বে বক্তৃতা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, আইসিটি বিভাগের উপসচিব মাহবুবা পান্না ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটির পরিচালক কাজী মুহাইমিন-আস-সাকিব।
আইসিটি কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতা শেষে মোট ১০০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা আগামী ৭ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠেয় জাতীয় পর্বে অংশ নেবে।
দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় ও তাদের দক্ষতা বাড়ানোর জন্য আইসিটি বিভাগ তৃতীয়বারের মতো জাতীয় হাইস্কুল আইসিটি কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) প্রতিযোগিতার বাস্তবায়ন সহযোগী হিসেবে এবং কোড মার্শাল জাজিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
আগামী ২৭ মার্চ কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে কুমিল্লা ও সিলেট অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনুষ্ঠিত হবে আনোয়ারা উপজেলা পর্ব। প্রতিযোগিতার সময়সূচি www.nhspc.org ঠিকানার ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি