প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার সর্বশেষ আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার সর্বশেষ আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।

উৎসব আর নানা আনন্দ আয়োজনে শেষ হলো জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব। বরিশাল, পটুয়াখালী, যশোর, দিনাজপুর ও পাবনা—এই পাঁচটি অঞ্চলে প্রতিযোগিতার মাধ্যমে আঞ্চলিক পর্বের পর্দা নামল। গতকাল শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিযোগিতার সর্বশেষ আঞ্চলিক পর্বটি অনুষ্ঠিত হয়েছে।
দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তোলা এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য গত বছর থেকে এই আয়োজন শুরু করেছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। দেশের ১৬টি শহরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ গুলো হচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, গোপালগঞ্জ, দিনাজপুর, পাবনা, পটুয়াখালী, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহ। সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে ২৪ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শুক্রবার ৮ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পটুয়াখালী আঞ্চলিক পর্ব। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল আটটায় উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিযোগিতা চলে বেলা দুইটা পর্যন্ত। এর আগে ৭ এপ্রিল পাবনা, দিনাজপুর ও যশোরে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর আঞ্চলিক প্রতিযোগিতা।

৮ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব।
৮ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব।

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজনে রয়েছে আইসিটি বিভাগ, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), একাডেমিক সহযোগিতায় কোড মার্শাল এবং সহযোগী হিসেবে রয়েছে কিশোর আলো, এটিএন নিউজ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।