
তথ্যপ্রযুক্তিতে দেশকে আরও অগ্রগামী করতে আউটসোর্সিংসহ অন্য সব কাজের পাশাপাশি প্রোগ্র্রামিংকেও গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্মকে এ বিষয়ে আগ্রহী করে তুলতে হবে। এ জন্য সম্ভব হলে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিংয়ের নানা বিষয়ে আগ্রহী করে তুলতে হবে। শিক্ষার্থীদের কাছে বিষয়টিকে ভীতিকর ও কঠিন না করে আনন্দদায়ক করে উপস্থাপন করতে হবে।
গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সম্মেলনকক্ষে ‘তরুণদের প্রোগ্রামিংয়ে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। তথ্যপ্রযুক্তিবিষয়ক মাসিক ম্যাগাজিন সি নিউজ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিলের সহযোগিতায় ছিল বিসিএস।
বৈঠকে প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা যদি শিক্ষকতা করার আগে কিছুদিন ব্যবহারিক ক্ষেত্রে কাজ করেন, তাহলে তাঁদের শিক্ষাদান আরও সহজ ও আনন্দদায়ক হবে। এতে শিক্ষার্থীরাও উপকৃত হবে। প্রোগ্রামিংয়ে আগ্রহী করতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং উপকরণ আনন্দদায়ক, সহজ ও সহজলভ্য করতে হবে।
বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন বিসিএসের ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈনুল হোসেন, বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলমাস কবির, প্রগতি সিস্টেমের প্রধান নির্বাহী শাহাদাত খান, সি নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রাশেদ কামাল, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জাবেদ মোর্শেদ চৌধুরী, মুক্ত সফটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী তামিম শাহরিয়ার, প্রোগ্রামার তাহমিদ রাফি, মীর ওয়াসি আহমেদ, রফিকুননবীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশে ও দেশের বাইরে প্রোগ্রামারদের কাজের বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে। কিন্তু সে অনুযায়ী আমরা দক্ষ ও মেধাবী প্রোগ্রামার পাচ্ছি না। গোলটেবিল বৈঠকে বক্তারা প্রোগ্রামিং জনপ্রিয় করতে বিদ্যালয় পর্যায়ে প্রোগ্রামিং ক্লাব, উপকরণ সহজলভ্য করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। —জিয়াউর রহমানচৌধুরী