প্রোগ্রামিং শেখানোর এক ঘণ্টার আয়োজন
‘আওয়ার অব কোড’ নামে স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর কর্মসূচি গত শুক্রবার ঢাকার বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট যৌথ উদ্যোগে এর আয়োজন করে। এ আয়োজনের সহযোগী ছিল বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম।
এক ঘণ্টার এই প্রোগ্রামিংয়ে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। এতে প্রশিক্ষকেরা প্রোগ্রামিং সংকেত (কোড) সম্পর্কে ধারণা দেন এবং কীভাবে সহজে কোড লেখা যায়, সে সম্পর্কে আলোচনা করেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি শামীম আহসান, মহাসচিব রাসেল টি আহমেদ, সাবেক সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, আওয়ার অব কোডের আহ্বায়ক শাহ্ ইমরাউল কায়ীশসহ অনেকে। —বিজ্ঞপ্তি