সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গত শনিবার আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ও জাতীয় কলেজিয়েট সফটওয়্যার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘রিভ সিস্টেমস-সিএসই কার্নিভাল’ শিরোনামে তিন দিনের উৎসবে এসব প্রতিযোগিতা হয়েছে। আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় মোট ১১টি সমস্যার মধ্যে ছয়টি সমাধান করে প্রথম হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তাসনিম ইমরান, মাহবুবুল হাসান ও নাগিব মেসকাতের রিটার্ন অব ক্রউস দল। পাঁচটি সমস্যার সমাধান করে দ্বিতীয় শাবিপ্রবির সাজ্জাদুল হক, মোস্তাফিজুর রহমান ও তাহলিল আহমেদ চৌধুরীর প্রত্যুতগত, তৃতীয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিপলু হাওলাদার, আনা ফারিহা ও হাসনাইন হেইকেলের রেজোনেন্স দল। একই উৎসবে অনুষ্ঠিত জাতীয় কলেজিয়েট সফটওয়্যার প্রতিযোগিতায় (এনসিএসসি) চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিপীলিকা দলের পিপীলিকা সফটওয়্যার। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হচ্ছেন: আসিফ মোহাম্মদ সামির, মো. মাহফুজুর রহমান, মধুসূধন চক্রবর্তী, আহমেদ চিশতি। দ্বিতীয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ মাইন্ডস দলের স্টক মাস্টার ও তৃতীয় স্থানে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একলিপস দলের জিওগ্রাফিক ইনফরমেশন শেয়ারিং নেটওয়ার্ক সফটওয়্যার। এসআইইউপিসি ও এনসিএসসি উভয় প্রতিযোগিতায় প্রথম ১০টি দলকে পুরস্কৃত করা হয়। গত শনিবার রাতে শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল। —মুন্সী মো. মিছবাহ্ উদ্দিন, শাবিপ্রবি প্রতিনিধি