প্রোলিংকের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস ও টেক রিপাবলিক

বাংলাদেশের বাজারে ইউপিএস, রাউটার, মোবাইল ওয়াই-ফাই, ক্যাবল, মাউসের মতো নানা প্রযুক্তিপণ্য বিক্রির ঘোষণা দিয়েছে সিঙ্গাপুরের প্রযুক্তিপ্রতিষ্ঠান প্রোলিংক। দেশের বাজারে প্রোলিংক ব্রান্ডের পণ্য বিপণন করবে স্মার্ট টেকনোলজিস ও টেক রিপাবলিক। আজ বুধবার বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রোলিংকের নতুন পণ্য উন্মোচন করা হয়।
প্রোলিংকের ডিরেক্টর-চ্যানেল স্যামুয়েল হ্যান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে স্মার্ট টেকনোলজিসকে অনুমোদিত পরিবেশক হিসেবে ঘোষণা দেন।
স্যামুয়েল হ্যান বলেন, প্রোলিংক দীর্ঘদিন ধরে মানসম্মত প্রযুক্তিপণ্য তৈরি করছে। এখন থেকে বাংলাদেশের বাজারে অনুমোদিত পরিবেশক নিয়োগ দেওয়া হয়েছে। টেক রিপাবলিক সহযোগী পরিবেশক হিসেবে কাজ করবে। ওয়ারেন্টি বিষয়ে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।
স্মার্ট টেকনোলজিসের বিপণন পরিচালক এস এম মহিবুল হাসান বলেন, প্রোলিংক ব্র্যান্ডের নতুন পণ্য এখন খুব সহজে ক্রেতারা হাতে পাবেন। বাংলাদেশের বাজারে প্রোলিংক পণ্য প্রতিযোগিতামূলক দামে পাওয়া যাবে।
অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের বিপণন পরিচালক জাফর আহমেদ, ব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন, প্রোলিংকের বিপণন ব্যবস্থাপক জোয়ান জো, টেক রিপাবলিকের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ উপস্থিত ছিলেন।