প্রয়োজন সহজ আর্থিক নীতিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তথ্যপ্রযুক্তি খাত দিনে দিনে সম্প্রসারিত হওয়ার পাশাপাশি এই খাতে ব্যবসার পরিধিও বাড়ছে। তথ্যপ্রযুক্তি খাতের আরও দ্রুত অগ্রগতিতে একটি সহজ আর্থিক নীতিমালা দরকার। গতকাল রোববার রাজধানীর একটি সম্মেলনকেন্দ্রে ‘তথ্যপ্রযুক্তিশিল্পে অর্থনৈতিক নীতিমালা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।নিওস্টার ইনোভেশন আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব নজরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। বৈঠকে বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, জিপিআইটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা কারজটি থোয়েন, এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরামর্শক আনির চৌধুুরী, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদের, নিওস্টার ইনোভেশনের প্রধান নির্বাহী এডওয়ার্ড অপূর্ব সিংহসহ অনেকে। বৈঠকে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) জৈষ্ঠ সহসভাপতি শামীম আহসান। নজরুল ইসলাম খান বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির স্বার্থে এ খাতের প্রতিষ্ঠানগুলোর ব্যবসা সম্প্রসারণে যেকোনো ধরনের নীতিগত পরিবর্তন আনতে প্রস্তুত রয়েছি।’নাজনীন সুলতানা বলেন, ‘তথ্যপ্রযুক্তি-প্রতিষ্ঠানগুলোর বৈদেশিক লেনদেনসহ অনান্য বিষয়ে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করেছে। সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে আরও ব্যবস্থা নেওয়া হবে।’ বৈঠকটি সঞ্চালনা করেন টেকনোহ্যাভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এন করিম। —জিয়াউর রহমান চৌধুরী