মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থী, জীববিজ্ঞান প্রথম পত্রে ১০০ নম্বরের মধ্যে সৃজনশীলে ৪০, বহুনির্বাচনি অংশে ৩৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকে।
বহুনির্বাচনি অংশে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন থাকে। এ অংশে ভালো করতে প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, চিত্রের বিভিন্ন অংশ, উদাহরণ ভালোভাবে আত্মস্থ করতে হবে। সৃজনশীল অংশে ছয়টি প্রশ্ন থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হয়। সৃজনশীল অংশে ভালো করতে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বিশেষ করে উদ্ভিদের বিভিন্নতা, কোষ ও কোষের গঠন, কোষবিভাজন, টিস্যু, টিস্যুতন্ত্র ও সেকেন্ডারি বৃদ্ধি, উদ্ভিদের প্রজনন, উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া, ইকোলজি, বংশগতি, জৈবপ্রযুক্তি অধ্যায়গুলো ভালো করে পড়বে।
জীববিজ্ঞানে উত্তর দেওয়ার সময় চিত্র আঁকার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই চিত্র ছাড়াই না বুঝে মুখস্থ করার চেষ্টা করে। সৃজনশীল প্রশ্নের প্রথমে উদ্দীপকগুলো ভালোভাবে পড়বে এবং প্রশ্নগুলো বোঝার চেষ্টা করতে হবে। যে উদ্দীপকটির সব প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারবে, সেটি আগে উত্তর করবে। সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে ক, খ, গ, ঘ-এর ধারাবাহিকতা রেখে উত্তর লেখা ভালো। ‘ক’ নম্বর প্রশ্নের উত্তর জ্ঞানমূলক। এটি বইয়ের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া থাকে। ‘খ’ নম্বর প্রশ্নের উত্তর অনুধাবনমূলক। এ ক্ষেত্রে পাঠ্যবইয়ের কোনো বিষয় বুঝে তা ব্যাখ্যা করতে হবে। ‘গ’ নম্বর প্রশ্নটি প্রয়োগমূলক। উদ্দীপকের বিষয়কে বুঝতে হবে এবং পাঠ্যবইয়ের সুনির্দিষ্ট কোনো ধারণা বা তথ্যের আলোকে তা ব্যাখ্যা করতে হবে। ‘ঘ’ নম্বর প্রশ্নটি উচ্চতর দক্ষতাভিত্তিক। এ ক্ষেত্রে উদ্দীপকের আলোকে পাঠ্যবইয়ের তথ্য ব্যবহার করে নিজস্ব বিচার-বিশ্লেষণের মাধ্যমে মতামত তুলে ধরতে হবে। প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট চিত্র সঠিকভাবে আঁকবে।