প্লাস্টিকের বাল্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির জাদুতে এবার প্লাস্টিকের বাল্ব থেকেই আলো জ্বালানো সম্ভব হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডেভিড ক্যারোল প্লাস্টিক দিয়ে এ ধরনের বাল্ব উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। তিনি জানিয়েছেন, নতুন আবিষ্কৃত এই বাল্ব তৈরি করা হয়েছে ফিল্ড-ইনডিউসড পলিমার ইলেকট্রোলিউমিনেসেন্ট (ফিপেল) প্রযুক্তিতে। এটি তৈরি হয়েছে লাইট-এমিটিং পলিমারের তিনটি স্তর দিয়ে, যার প্রতিটি স্তরেই ছোট ন্যানোম্যাটেরিয়াল দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং আলো উৎপাদন করবে।ক্যারোল বলেন, ‘নতুন এই প্লাস্টিকের বাল্বটি যেকোনো আকারেই তৈরি করা সম্ভব। এটি বর্তমান বছরে সবচেয়ে জনপ্রিয় কমপ্যাক্ট ফ্লুরেসেন্ট ল্যাম্প (সিএফএল) বা নিয়ন বাতির তুলনায় অনেক বেশি উজ্জ্বল এবং মানসম্পন্ন। তা ছাড়া সিএফএল বাল্ব মানুষের চোখের উপযোগী নয়। এর কম্পনের কারণে অনেকেই মাথাব্যথায় ভুগে থাকেন।’ বর্তমান বছরে আলো বা বাল্ব উৎপাদনে একটি নতুন প্রয়াস হচ্ছে লাইট এমিটিং ডায়োড (এলইডি)। তা ছাড়া আরেকটি হচ্ছে অর্গানিক এলইডি সংক্ষেপে ওএলইডি। ওএলইডি প্রযুক্তি বিশেষ করে টিভির পর্দা, কম্পিউটারের মনিটর ইত্যাদির জন্য উপযোগী। এসব প্রযুক্তির বাল্বের আলো কম ও উজ্জ্বলতা বেশিদিন টেকসই হয় না। তবে নতুন উদ্ভাবিত ফিপেল প্রযুক্তির প্লাস্টিকের বাল্ব এসব অসুবিধা দূর করবে। বিজ্ঞানী ক্যারোল আরও জানিয়েছেন, প্লাস্টিকের এই নতুন বাল্ব কোনো তাপ উৎপাদন না করেই অনেক গুণ বেশি আলো দেবে। মজার ব্যাপার হলো, এ বাল্ব ভাঙবে না এবং দীর্ঘস্থায়ী। তা ছাড়া নতুন এ বাল্ব দামের দিক থেকেও অনেক সস্তা। আগামী বছরই এ প্রযুক্তির বাল্ব উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে। —বিবিসি অবলম্বনে প্রদীপ সাহা