গান শোনার জনপ্রিয় সফটওয়্যার উইন্যাম্পের (Winamp) চিরাচরিত একই ধরনের স্ক্রিন দেখতে দেখতে বিরক্ত? এখন ভাবছেন এমন যদি হতো, উইন্যাম্পের পটভূমিতে নিজের রুচি অনুযায়ী পছন্দের কোনো ছবি রেখে দেওয়া যেত, তবে বেশ হতো। কোনো সমস্যা নেই। এটা আপনি খুব সহজেই করতে পারেন! মানে নিজের ইচ্ছামতো ছবি ব্যবহার করতে পারেন উইন্যাম্পের পটভূমিতে। আর সবচেয়ে বড় কথা হলো, এ জন্য আপনাকে তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) কোনো সফটওয়্যারও ইনস্টল করতে হবে না। কারণ, এই কাজটা আপনি খুব সহজেই করতে পারবেন অ্যাডোব ফটোশপ দিয়ে। প্রথমেই ফটোশপ খুলে নিন কম্পিউটারে। এবার ওপরের টাস্কবারের file থেকে new-তে ক্লিক করুন। এখানে width 276 এবং height 118 pixels নির্ধারণ করে দিন। অন্য সব সেটিংস অপরিবর্তিত রেখে নিচের ok বাটনে ক্লিক করুন। এবার যে ছবিটি উইন্যাম্পের পটভূমিতে ব্যবহার করতে চান, সেটি ওপেন করুন ফটোশপেই। এখন পছন্দের ছবিটি নতুন তৈরি করা ফাইলের ওপর নিয়ে বসান। ওপরের টাস্কবারের ‘ফাইল’ মেন্যু থেকে ‘সেভ এস’-এ ক্লিক করুন। ‘ফাইল নেম’-এ main লিখে, ফরম্যাট নির্ধারণ করে দিন BMP-তে। তারপর সেভ করুন। নতুন ট্যাবে ফাইল ফরম্যাটে ‘উইন্ডোজ’ থেকে ‘ডেপথ’ নির্বাচন করে দিন ২৪ বিট। এবার ok-তে ক্লিক করুন। তাহলে ফটোশপের কাজ শেষ। এবার নতুন তৈরি ফাইলটি কপি করে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলস থেকে উইন্যাম্পে ঢুকে স্ক্রিন ফোল্ডারে ঢুকে নতুন একটি ফোল্ডার তৈরি করতে হবে যেকোনো নামে। নতুন ফোল্ডারে BMP ইমেজ ফাইলটি পেস্ট করে দিন। এবার উইন্যাম্প চালু করে ওপরে বাঁ পাশের মেন্যু থেকে স্ক্রিনে ঢুকে নিজের তৈরি করা স্ক্রিনটি নির্ধারণ করে দিন। তাহলেই উইন্যাম্পের পটভূমিতে নিজের পছন্দের ছবি দেখতে পাবেন, যখনই গান শুনুন না কেন। —ফয়সাল হাসান