পড়তির দিকে আইপ্যাডের বাজার!
ট্যাবলেট কম্পিউটারের বাজারের একচেটিয়া আধিপত্য কমছে অ্যাপলের। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, বছরের তৃতীয় প্রান্তিক অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর এ তিন মাসে ট্যাবলেট বাজারে অ্যাপলের শেয়ার ১৫ শতাংশ কমে গেছে। আইডিসির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বছরের দ্বিতীয় প্রান্তিকে ট্যাবলেট বাজারে অ্যাপলের দখল ছিল ৬৫ দশমিক চার শতাংশ যা তৃতীয় প্রান্তিকে কমে ৫০.৪ শতাংশে দাঁড়িয়েছে। আইডিসির বিশ্লেষকেদের মতে, ট্যাবলেট বাজার অ্যাপলের দখল কমলেও বেড়েছে স্যামসাংয়ের। তিন মাসে দ্বিগুণ হয়েছে স্যামসাংয়ের ট্যাবলেটের বাজার। বছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ৯.৪ শতাংশ যা তৃতীয় প্রান্তিকে ১৮.৪ শতাংশে এসে পৌঁছেছে। স্যামসাংয়ের পরবর্তী অবস্থান যথাক্রমে আমাজন, আসুস ও লেনোভোর। বাজারে আমাজনের দখলে রয়েছে ৯ শতাংশ, আসুসের ৮.৬ শতাংশ আর লেনোভোর ১.৪ শতাংশ। প্রযুক্তি বিশ্লেষকেরা মতে, অ্যাপলের ট্যাবলেট বাজারের দখল হারানোর কারণ ছিল আইপ্যাড মিনির জন্য অপেক্ষার বিষয়টি। বছরের চতুর্থ প্রান্তিকে আইপ্যাড মিনি বিক্রি বেড়ে যাওয়ার অ্যাপল বাজারে আবারও ঘুরে দাঁড়াবে। বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপল, স্যামসাংসহ অন্যান্য ট্যাবলেট নির্মাতাদের বাজারে প্রতিযোগিতার কারণে ট্যাবলেটের বাজার বাড়ছে।