পড়তে হবে সারা বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকে আমার কাছে জানতে চায়, কীভাবে গণিত অলিম্পিয়াডে ভালো করা যায়। আমি যে কথা গণিত অলিম্পিয়াডের মাঠে বলি, সে কথাটাই সবাইকে বলি—গণিতে ভালো করার কোনো শর্টকাট পথ নেই। একাগ্রতা আর পরিশ্রমই এখানে মুখ্য। আমি এমআইটি পড়ুয়া আমাদের নাজিয়া চৌধুরীর গল্পটা সবাইকে বলি। একটি সমস্যা সমাধানের জন্য টানা চার দিন চেষ্টা করে সে সফল হয়েছে বলে তার প্রফেসর তাকে কফি খেতে ডেকেছে। সোজাভাবে মাও সে তুং-এর সেই কথাগুলোয় বলতে হয়—পড়ো, পড়ো এবং পড়ো! খেয়াল করা দরকার আমি কিন্তু বলছি না, ‘করো, করো এবং করো’। আমি গণিতকে পড়তেই বলছি। আমাদের দেশে এক আশ্চর্য পদ্ধতি চালু আছে গণিত পাঠদানের। সেটা হলো শ্রেণীকক্ষে বইয়ের অনুশীলনীর সমস্যাগুলো করিয়ে দেওয়া। পাঠ্যপুস্তকের প্রতিটি অধ্যায়ের শুরুতে বিষয়বস্তু নিয়ে কিছু আলোচনা থাকে, ব্যাখ্যা থাকে, উদাহরণ থাকে। সেগুলো পড়তে হবে। উদাহরণের সমস্যাগুলো নিজে নিজে সমাধানের চেষ্টা করতে হবে, তারপর করতে হবে প্রথম অধ্যায়ের অনুশীলনী। না পারলে নেই। শ্রেণী শিক্ষক বা গৃহশিক্ষকের কাছে সেগুলো করিয়ে নেওয়া যাবে না। শুধু একটি চিহ্ন রেখে এগিয়ে যেতে হবে পরের অধ্যায়ে। আবার লেখাগুলো পড়তে হবে, বুঝতে হবে এবং উদাহরণগুলো আত্মস্থ করতে হবে। এরপর আগের মতো অনুশীলনীর সমস্যা। কিছু পারা যাবে, কিছু যাবে না। এগোতে হবে থামা যাবে না। এবার আবার ফিরতে হবে আগের অধ্যায়ের অনুশীলনীতে। দেখা যাবে আগেরবার যেগুলো পারা যায়নি তার অনেকগুলো এবার পারা যাবে। তবে, একটা-দুইটা এবারও না মিলতে পারে। কোনো অসুবিধা নেই। চলে যাও তৃতীয় অধ্যায়ে। একই নিয়মে আবার ফিরে আসো প্রথম আর দ্বিতীয় অধ্যায়ে। এভাবে যদি করো তুমি দেখবে তুমি গণিতে অনেক আনন্দ পাচ্ছ। আমি তোমাদের নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যেদিন তুমি টের পাবে একটি সমস্যার সমাধান নিজে নিজে করতে পারা কত আনন্দের, সেদিন তুমি সত্যি সত্যি গণিতকে ভালোবাসবে, গণিতের আনন্দের ভাগী হতে পারবে। এরপরের কাজগুলো সোজা। নিজের ক্লাসের পাঠ্যপুস্তকের দখল শেষে তুমি শুরু করবে উচ্চতর ক্লাসের গণিতের সমাধান। পাশাপাশি তোমাকে জানতে হবে গণিতের নানা বিষয়। পড়ার কোনো বিকল্প নেই। দেশে এখন অনেক গণিতের বই পাওয়া যায়, বাংলা ভাষাতে। এগুলো তোমার পড়তে হবে। গণিত অলিম্পিয়াডের বিগত বছরের সমস্যাগুলোর সমাধান করতে হবে। এই যেমন আজকের গণিত ইশকুলের সমস্যাগুলো। এগুলো এ বছরের আঞ্চলিক অলিম্পিয়াডের সমস্যা। নিজের ক্যাটাগরির সমস্যাগুলো করার চেষ্টা করো। যা পারবে না সেগুলো আলাদা করে রেখে দাও। নিজের পাঠ্যপুস্তকে মনোযোগ দাও। কিছু বাড়তি প্রচেষ্টা নাও। তারপর আবার এগুলো করতে আসো। কিছু দেখবে তোমার পাঠ্যপুস্তকের মতো না। সেগুলোর জন্য বই খোঁজ। যাদের ইন্টারনেট আছে তারা গণিত অলিম্পিয়াডের ফোরামে এ নিয়ে আলোচনা করো। কিংবা ক্লাসে বা পাড়ার বন্ধুদের সঙ্গে একত্রে বসে সমস্যা সমাধানের চেষ্টা করো।আমার কথা বিশ্বাস করো। আমি জানি, কয়েক মাসের মধ্যে এই পাতার কোনো সমস্যা তোমাকে আর আটকে রাখতে পারবে না। গণিত জয় তোমার হবেই! তোমার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।