
প্রতিদিনের মতোই শিকারে বেরিয়েছিল হাঙরটা। সার্ফিংরত এক তরুণকে দেখে ‘সহজ শিকার’ই মনে হয়েছিল তার। দ্রুত সাঁতরে গিয়ে শিকারের পায়ে কামড় বসাতে চেয়েছিল হাঙরটা। পা’টা ফসকে গেলেও সার্ফিং বোর্ডটা কামড়ে ধরেছিল সে। এরপর কিছু বুঝে ওঠার আগেই দমাদম ঘুষি পড়তে লাগল হাঙরের চোখে-মুখে! ভীষণ ভড়কে গিয়ে কোনোমতে পালিয়ে বেঁচেছে হাঙরটা। সে বোধ হয় বুঝে উঠতে পারছিল না, দোপেয়ে প্রাণীটার গায়ে এত জোর এল কোথা থেকে! বেচারা তো আর জানে না, সে যাকে সহজ শিকার ভেবেছে, সেই জেফ হরটন একজন সাবেক মুষ্টিযোদ্ধা। ইদানীং সার্ফিংয়ে বেশি মনোযোগী হলেও ২৫ বছর বয়সী এই তরুণ তাঁর পুরোনো দক্ষতা ভুলে যাননি। গায়ের সব জোর দিয়ে মেরেছেন হাঙরের গায়ে, আর তাতেই এ যাত্রা প্রাণে বেঁচেছেন তিনি। জেফ জানিয়েছেন, হাঙরের কামড়ের দাগসমেত সার্ফিং বোর্ডটি এখন তাঁর ঘরের দেয়ালে শোভা পাচ্ছে। মিরর
গ্রন্থনা: মো. সাইফুল্লাহ