ফক্স নিউজের সাই-ফাই নিউজরুম!

ফক্স নিউজের কার্যালয় দেখে মনে হবে এ আজব এক পরিবেশ। সাংবাদিকেরা সেখানে ডেস্কের পরিবর্তে সামনে বড় বড় টাচস্ক্রিন কম্পিউটার নিয়ে বসে সংবাদ সম্পাদনার কাজ করে যাচ্ছেন। এটি বৈজ্ঞানিক কল্পকাহিনির কোনো চলচ্চিত্রের দৃশ্য নয়; বাস্তবে একটি স্টুডিওকে এভাবে সাজিয়েছে মার্কিন এ টেলিভিশন চ্যানেলটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
গত সোমবার নতুন নিউজরুমের উদ্বোধন করেছে ফক্স নিউজ। এ নিউজরুমটিতে সংবাদ উপস্থাপকের পেছনের কর্মীদের একেকজনের সামনে ৫৫ ইঞ্চি মাপের মাইক্রোসফট নির্মিত টাচস্ক্রিন ট্যাবলেট নিয়ে কাজ করতে দেখা যাবে।
ফক্স নিউজের সংবাদ উপস্থাপক শেফার্ড স্মিথ জানান, সংবাদ উপস্থাপকের পেছনেই বড় বড় টাচস্ক্রিন নিয়ে কাজ করবেন সাংবাদিকেরা। উপস্থাপকের স্ক্রিনে চলতি ঘটনার সর্বশেষ আপডেটগুলো দেখাতে কাজ করবেন তাঁরা।
উইন্ডোজ ৮নির্ভর ৫৫ ইঞ্চি মাপের মাইক্রোসফট নির্মিত এই টাচস্ক্রিন পণ্যগুলোর একেকটির দাম আট হাজার মার্কিন ডলার। মাইক্রোসফট অবশ্য এর চেয়েও বড় মাপের টাচস্ক্রিন পণ্য তৈরি করে। ৮২ ইঞ্চি মাপের উইন্ডোজ টাচস্ক্রিনের দাম ৮৭ হাজার মার্কিন ডলার।
ফক্স নিউজ কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রচারের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ সম্প্রচারে নতুন মাত্রা এনে দেবে। ভবিষ্যতে অন্য অনেক প্রতিষ্ঠানই হয়তো এই পদ্ধতি অনুকরণ করবে।