ফক্সকনের সঙ্গে কাজ করবে ব্ল্যাকবেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফক্সকনের সঙ্গে কাজ করবে ব্ল্যাকবেরি
ফক্সকনের সঙ্গে কাজ করবে ব্ল্যাকবেরি

ব্যবসায়িকভাবে ক্রমাগত লোকসান হওয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছে ব্ল্যাকবেরি। শেষ চেষ্টা হিসেবে ঘুরে দাঁড়াতে ব্ল্যাকবেরি এবার তাইওয়ানের ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফক্সকনের সঙ্গে চুক্তি করেছে। পাঁচ বছর মেয়াদি এ চুক্তির ফলে ব্ল্যাকবেরি ফক্সকনের সঙ্গে যৌথভাবে নতুন স্মার্টফোন তৈরি করবে। অ্যাপলসহ বিশ্বখ্যাত নানা ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে ইতিমধ্যে কাজ করছে ফক্সকন।
কয়েক বছর ধরে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ও অ্যান্ড্রয়েডের চালিত স্মার্টফোন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছিল না ব্ল্যাকবেরি।
সাবেক রিসার্চ ইন মোশন (রিম) নামের এ প্রতিষ্ঠানটি তাই ক্রমাগত আর্থিক ক্ষতির মুখে পড়ে আছে। সর্বশেষ প্রকাশিত ব্ল্যাকবেরির আর্থিক প্রান্তিকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী ক্ষতির পরিমাণ ৪৪০ কোটি ডলার। এ ছাড়া শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির বিক্রির পরিমাণ ছিল মাত্র ১১৯ কোটি ডলার। আগের প্রান্তিকে বিক্রি হয়েছিল ২৭৩ কোটি ডলার।
এ অবস্থায় ব্ল্যাকবেরিকে কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল ফেয়ারফ্যাক্স। তবে তাতে সায় দেয়নি ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন জানান, ‘মোবাইল বাজারে দীর্ঘমেয়াদি উন্নত সুবিধা, সর্বশেষ প্রযুক্তি ইত্যাদি দিতে আমরা এবার ফক্সকনের সঙ্গে কাজ করতে একসঙ্গে হয়েছি। আশা করছি, দারুণ কিছু দিতে পারব ব্যবহারকারীদের।’
এবার নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্ল্যাকবেরি কতটুকু ভালো করতে পারে, সেটা এখন দেখার বিষয়। —বিবিসি অবলম্বনে কাজী আলম