ফরচুন গ্লোবালের তালিকায় হুয়াওয়ে
প্রথমবারের মতো ফরচুন গ্লোবালের তালিকায় স্থান পেয়েছে টেলিযোগাযোগ যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফরচুন ৯ জুলাই বিশ্বের সেরা ৫০০ কোম্পানির তালিকা প্রকাশ করে। ২০০৯ সালে হুয়াওয়ের বিক্রির পরিমাণ ছিল দুই হাজার ১৮০ কোটি ডলার এবং নিট মুনাফা ছিল ২৬৭ কোটি ডলার। তালিকা অনুযায়ী রাজস্ব আয়ের দিক থেকে বিশ্বের প্রথম ৫০০ কোম্পানির তালিকায় হুয়াওয়ের স্থান ৩৯৭তম। প্রসঙ্গত, চীনের এই কোম্পানি বাংলাদেশের অন্যতম প্রধান টেলিযোগাযোগ যন্ত্রপাতি সরবরাহকারী হিসেবে পরিচিত। বাংলাদেশের মোবাইল ফোন সেবাদাতা গ্রামীণফোন, বাংলালিংক, রবি, সিটিসেল, টেলিটক এবং সরকারি ল্যান্ডফোন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) হুয়াওয়ের প্রধান গ্রাহক। এ ছাড়া ইন্টারনেট সেবাদাতাসহ বিভিন্ন টেলিযোগাযোগসংশ্লিষ্ট কোম্পানিগুলোও হুয়াওয়ে টেকনোলজিসের নেক্সট জেনারেশন টেলিযোগাযোগ যন্ত্রপাতি ব্যবহার করে। বর্তমানে ৪৫টি দেশের ৫০টি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের গ্রাহকেরা হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করছে। —নিজস্ব প্রতিবেদক